তাহমিমা আনামের নতুন বই
তাহমিমা আনামের তৃতীয় বই দ্য বোনস অব গ্রেস ১৯ মে যুক্তরাজ্যে প্রকাশিত হয়েছে। হক পরিবারকে নিয়ে লেখা ত্রয়ী উপন্যাসের এটি শেষ পর্ব। যুক্তরাজ্যে এটির প্রকাশক ক্যাননগেট বুকস। আর হারপারকলিন্স আগামী জুনে এ বইয়ের যুক্তরাষ্ট্র সংস্করণ প্রকাশ করবে।
সিরিজের প্রথম দুটি বই এ গোল্ডেন এজ এবং দ্য গুড মুসলিম-এর অধিকাংশ জুড়ে রয়েছে তাহমিমা আনামের মাতৃভূমি বাংলাদেশের বিবরণ। তবে দ্য বোনস অব গ্রেস-এর কাহিনির শুরু যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের কেমব্রিজে। এ গল্প জুবাইদা হক নামের একজন জীবাশ্মবিদের। প্রাচীন যুগের তিমি নিয়ে গবেষণার আগ্রহ তাঁকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যায়। শুরু হয় তাঁর ব্যক্তিগত শেকড় সন্ধানের আরেক যাত্রা।
তাহমিমা আনামের প্রথম উপন্যাস এ গোল্ডেন এজ প্রকাশিত হয় ২০০৯ সালে। এ কাহিনি হক পরিবারের তিন প্রজন্মের, যার ব্যাপ্তি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় থেকে শুরু করে বর্তমান পর্যন্ত। বিশ্বজুড়ে পাঠকনন্দিত প্রথম বইটির কাহিনি শুরু হয় ১৯৫০-এর দশকের শেষ পর্যায়ে। এটি ২০০৯ সালে ‘সেরা প্রথম বই’ হিসেবে কমনওয়েলথ লেখক পুরস্কার পায়। ত্রয়ীর দ্বিতীয় পর্ব দ্য গুড মুসলিম ২০১১ ম্যান এশিয়ান লিটারারি প্রাইজের দীর্ঘ তালিকায় উঠেছিল। এই বইয়ে রয়েছে এ গোল্ডেন এজ-এর চরিত্রগুলোর ১৯৮০-এর দশকের অবস্থার বিবরণ। দ্য বোনস অব গ্রেস-এর কাহিনিতে রয়েছে একাধিক দেশ, সমসাময়িক বাস্তবতার পাশাপাশি একটি আবেগময় গভীর ভালোবাসার গল্প।