তাহলে কে নিল তিন দুস্থ নারীর চাল!
দুস্থদের খাদ্য সহায়তা কর্মসূচির (ভিজিডি) তালিকায় চার নারীর নাম আছে। তাঁদের নামে ২০ মাস চাল দেওয়াও হয়ে গেছে। অথচ তালিকায় নাম থাকার বিষয়টি জানেনই না তাঁরা।
ঘটনাটি মৌলভীবাজারের জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের। বিষয়টি জানাজানি হওয়ার পর সম্প্রতি ওই চার নারীর নামে চাল বিতরণ বন্ধ রেখেছে ইউপি কর্তৃপক্ষ।
উপজেলা মহিলাবিষয়ক কার্যালয় ও ইউপি কার্যালয় সূত্রে জানা গেছে, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ভিজিডি কর্মসূচির আওতায় ইউনিয়নের ২৩৫ জন নারীকে ২০১৫ সালের জানুয়ারি মাস থেকে ৩০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। চলতি ডিসেম্বর মাস পর্যন্ত তাঁরা এ চাল পাবেন। ৯ নম্বর ওয়ার্ডের তালিকায় নয়াগ্রামের আবদুল লতিফের স্ত্রী আনোয়ারা বেগম, করিম মিয়ার স্ত্রী ইয়াছমিন বেগম, রাজা মিয়ার স্ত্রী ভানু বেগম ও শিমুলতলা গ্রামের আবদুল কাদিরের স্ত্রী রোজিনা বেগমের নাম রয়েছে। তাঁদের নামে সর্বশেষ ২৩ আগস্ট পর্যন্ত চাল বিতরণ করা হয়েছে। আগস্টের চাল বিতরণের মাস্টাররোলে চার নারীর সইও রয়েছে।
সম্প্রতি নয়াগ্রাম ও শিমুলতলা গ্রামে গেলে ওই চার নারী বলেন, তালিকায় নাম থাকার বিষয়টি সম্প্রতি তাঁরা ইউপি সদস্য জমির আলীর কাছ থেকে জেনেছেন। এর আগে কেউ তাঁদের বিষয়টি জানাননি। সরকারি সাহায্য পেতে বিভিন্ন সময় তাঁরা এলাকার সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমানকে অনুরোধ করেছিলেন। পরে কী হয়েছে তাঁরা আর জানেন না। তাঁরা ইউপি কার্যালয়ে কখনো চাল আনতে যাননি। কোনো কাগজে সইও করেননি।
৯ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য জমির আলী বলেন, ২০১৭ সালের জানুয়ারি মাস থেকে দুই বছরের জন্য পুনরায় ভিজিডি কর্মসূচি চালু হবে। অক্টোবর মাসের শুরুতে আনোয়ারা ও ইয়াছমিন এসে ওই তালিকায় তাঁদের নাম তুলতে অনুরোধ করেন। তখন বর্তমান তালিকায় নাম থাকার বিষয়টি জেনে তাঁরা হতবাক হয়ে পড়েন। পরে এলাকায় খোঁজ নিয়ে ভানু বেগম ও রোজিনা বেগমের নাম পাওয়া যায়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ইউপি চেয়ারম্যানকে জানানো হয়েছে।
জানতে চাইলে হাবিবুর রহমান মুঠোফোনে বলেন, ‘তালিকা শুধু আমি দিইনি। তখনকার ইউপি চেয়ারম্যান ও সংরক্ষিত নারী সদস্যও আলাদা তালিকা দিয়েছিলেন। সবার তালিকা সমন্বয় করেই উপকারভোগী নির্বাচন করা হয়েছিল। শহীদ (গ্রামপুলিশ) গরিব মানুষ। তাঁকে মামাতো বোন আনোয়ারার নামে চাল নেওয়ার ব্যবস্থা করে দিয়েছিলাম। অন্য তিনজনের বিষয়ে আমি কিছু জানি না।’
সাবেক ইউপি চেয়ারম্যান নজমুল ইসলাম ও সংরক্ষিত নারী সদস্য বাসনা আক্তার ৯ নম্বর ওয়ার্ডের তালিকার ব্যাপারে কিছু জানেন না বলে দাবি করেন।
বর্তমান চেয়ারম্যান মাছুম রেজা বলেন, চারজন উপকারভোগীর নামে সেপ্টেম্বর মাস থেকে চাল বিতরণ করা হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
উপজেলা মহিলাবিষয়ক কার্যালয়ের ক্রেডিট সুপারভাইজার মো. সুজাউদ্দৌলা বলেন, ইউপির চেয়ারম্যান উপকারভোগীদের তালিকা তৈরি করে পাঠান। আর তাঁরা শুধু উপকারভোগীদের ছবি লাগিয়ে ভিজিডির বই তৈরি করে দেন।
ইউএনও মোহাম্মদ নাছির উল্লাহ খান বলেন, এ বিষয়ে বঞ্চিত উপকারভোগীদের কাছ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।