
তাহলে বিদায় বলতেই হলো? এক মাসের এই মিলনমেলার অবসান ঘটল তবে!

ভাষার মাস ফেব্রুয়ারির ২৮টি দিনের চেনা একটি দৃশ্য আজ স্বাধীনতার মাস ১ মার্চ থেকে বদলে যাবে। আজও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারুণ্যের আড্ডা বসবে। থাকবে সেলফি, ফেসবুক। টিএসসির মোড়ে স্বোপার্জিত স্বাধীনতা থাকবে, থাকবে দোয়েল চত্বরের জোড়া সাদাকালো দোয়েল। প্রেম থাকবে, মান-অভিমানও থাকবে। মাথা উঁচু করে দাঁড়িয়ে স্বাধীনতাস্তম্ভের গ্লাস টাওয়ার থাকবে। থাকবে না শুধু বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানের বই উৎসব; অমর একুশে গ্রন্থমেলা।
সেখানে আজ শুধুই ঠুকঠাক-ভাঙনের আওয়াজ। বাক্সে অবিক্রীত বই ভরার আয়োজন। সেখানে আজ বুধবার ভাঙা মনের পদচারণ থাকবে আলুথালু, উদ্ভ্রান্ত। একুশের স্মৃতিজাগানিয়া ফেব্রুয়ারির ২৮টি ঝলমলে সন্ধ্যার বর্ণময় উৎসবের পালা যে সত্যি সত্যিই শেষ। একরাশ বিষণ্নতার সঙ্গে থাকল ওই ২৮ দিনের অসংখ্য স্মৃতি আর ১১ মাসের অপেক্ষা।
বইমেলার শেষ দিনটা কড়ায়-গন্ডায় উপভোগ করতে বেলা ১১টা থেকেই বইয়ের অমোঘ ও দুর্নিবার আকর্ষণে পাঠক হাজির হতে শুরু করেছিল বইমেলায়। তবে এ বেলায় সংখ্যাটা তুলনামূলক কম ছিল। বিকেল নাগাদ মানুষের ঢল নামে সোহরাওয়ার্দী উদ্যানে।
তবে শৃঙ্খলা ভাঙেনি এতটুকুও। ২৮ দিন অভাব-অভিযোগ, ছুটির দিনে স্রোতের মতো মানুষের আসা-যাওয়া, জটলা সত্ত্বেও শৃঙ্খলা বজায় রাখতে সফল বইমেলা কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীর সদস্যরা।
বিষণ্ন বিদায়বেলায় হিসাবের খাতা নিয়ে বসেন প্রকাশকেরা। তবে হিসাব মেলানো ভার, কেননা, মেলা থেকে বইয়ের সংখ্যা এবং বিক্রির পরিমাণ কিছুই ঠিকঠাকভাবে জানার সুযোগ নেই, দুটিই করতে হয় অনুমান করে। বাংলা একাডেমি একটা হিসাব করে বটে। সেই হিসাব অনুযায়ী গত ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত স্টল মালিকদের কাছ থেকে প্রাপ্ত তথ্য এবং গতকালের সম্ভাব্য বিক্রি যুক্ত করে মোট ৬৫ কোটি ৪০ লাখ টাকার বই বিক্রি হয়েছে। এর মধ্যে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত শুধু বাংলা একাডেমিই মোট ১ কোটি ৫৪ লাখ ৫৪ হাজার ৩০৬ টাকার বই বিক্রি করেছে। ২০১৬ সালের তুলনায় এই বিক্রি ২২ লাখ টাকা বেশি। সুতরাং, গতকালের বিক্রিসহ বাংলা একাডেমির মোট বিক্রি নতুন রেকর্ড সৃষ্টি করবে। এর আগে ২০১৬ সালে ৪২ কোটি ৫০ লাখ টাকা, ২০১৫ সালে ২১ কোটি ৯৫ লাখ এবং ২০১৪ সালে ১৬ কোটি টাকার বই বিক্রি হয়েছিল।
এবার মেলায় নতুন বই এসেছে ৩ হাজার ৬৪৬টি। গত বছরের চেয়ে এবার ২০২টি বই বেশি প্রকাশিত হয়েছে। এবার কবিতার বই প্রকাশিত হয়েছে ১ হাজার ১২২টি। প্রকাশের হিসাবে এটি সর্বোচ্চ। এ ছাড়া এ বছর উপন্যাস ৫৭৬টি, গল্পগ্রন্থ প্রকাশিত হয়েছে ৫২০টি, প্রবন্ধ ১৬৮টি, শিশুতোষ ১১৮টি, ছড়াগ্রন্থ ১১৭টি, মুক্তিযুদ্ধবিষয়ক বই ৯৭টি, গবেষণা ৮৭টি, জীবনীগ্রন্থ ৭১টি ও ভ্রমণ ৬৯টি। আছে আরও বেশ কয়েকটি বিভাগের বই। বাংলা একাডেমি মানসম্পন্ন বইয়ের তালিকা করে প্রতিবছর। সেই অনুযায়ী এবারের মেলায় প্রকাশিত বইগুলোর মধ্যে ৮৫৮টি বই মানসম্পন্ন।
ভিড়ের মাঝে কালও মিলেমিশে একাকার বিশিষ্ট আর সাধারণ। মেলায় এসেছিলেন ক্রীড়াব্যক্তিত্ব পর্দার তারকা, রাজনীতিবিদ, নবীন-প্রবীণ লেখকেরা। সন্ধ্যায় মেলামঞ্চে সমাপনী আয়োজনে শামিল হয়েছিলেন ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. ইব্রাহীম হোসেন খান, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান প্রমুখ। এতে কবি শামীম আজাদ ও লেখক-অনুবাদক নাজমুন নেসা পিয়ারিকে বাংলা একাডেমি পরিচালিত সৈয়দ ওয়ালীউল্লাহ পুরস্কার-২০১৬ দেওয়া হয়।
সমাপনী অনুষ্ঠানে গুণীজন স্মৃতি পুরস্কার তুলে দেওয়া হয়। আগেই বিভিন্ন গুণীর নামে পুরস্কার ঘোষণা করে বাংলা একাডেমি। ২০১৬ সালে প্রকাশিত গ্রন্থের মধ্যে গুণমান ও শৈল্পিক বিচারে সেরা গ্রন্থের জন্য রফিকুন নবীর দেশসেরা জগৎসেরা শিল্পীকথা গ্রন্থের জন্য প্রথমা প্রকাশন, ২০১৬ সালে প্রকাশিত বিষয় ও গুণমানসম্পন্ন সর্বাধিকসংখ্যক গ্রন্থ প্রকাশের জন্য জার্নিম্যান বুকসকে ‘চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার, ২০১৭’; পাভেল রহমানের সাংবাদিকতা আমার ক্যামেরায় গ্রন্থের জন্য মাওলা ব্রাদার্স, রনজিত কুমার মন্ডলের আচার্য প্রফুল্লচন্দ্র রায় গ্রন্থের জন্য পুঁথিনিলয়কে ‘মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার ২০১৭’; ২০১৬ সালে প্রকাশিত শিশুতোষ গ্রন্থের মধ্য থেকে গুণমান বিচারে সর্বাধিক গ্রন্থ প্রকাশের জন্য চন্দ্রাবতী একাডেমিকে ‘রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার-২০১৭’ এবং ২০১৭ সালের অমর একুশে গ্রন্থমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে নান্দনিক অঙ্গসজ্জায় সেরা প্রতিষ্ঠান হিসেবে বাতিঘর, সংবেদ ও পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেডকে ‘শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার-২০১৭’ প্রদান করা হয়েছে।
শেষ বড় বিষাদের। তবু শেষ দিনেও চোখে লেগে থাকার মতো একাধিক বইয়ের খোঁজ পাওয়া গেল। গতকাল মেলার শেষ দিনে ১৮০টি নতুন বই এসেছে। প্রথমা প্রকাশন এনেছে মুহাম্মদ লুৎফুল হকের মোহাম্মদ আলীর বাংলাদেশ বিজয়, আখতার হুসেনের হরিণ গেল আবার বনে ও কালো কাক কত ভালো, রকিব হাসান রূপান্তরিত স্যার আর্থার কোনান ডয়েলের পয়জন বেল্ট। অন্যপ্রকাশ এনেছে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমানের বুনে গেলাম আশার স্বপন, শামসুজ্জামান খানের শ্রেষ্ঠ প্রবন্ধ। সময় প্রকাশন এনেছে কৌশিক বন্দ্যোপাধ্যায়ের সাবাশ বাংলাদেশ: ক্রিকেট জাতীয়তাবাদ ও সংস্কৃতি। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এনেছে ইয়াসমীন আরা লেখার ফরিদপুরের উপভাষা আন্বয়িক গঠন। মধুপোক এনেছে সলিমুল্লাহ খান সম্পাদিত গরিবের রবীন্দ্রনাথ আহমদ ছফা-প্রথম খণ্ড।
আজ ১ মার্চ থেকে একুশে বইমেলা মনমরা স্মৃতি নিয়ে ধুলোয় লুটোপুটি খাবে, একদিন সেসবও উধাও হয়ে যাবে। মেলা দেখার তাগিদ নিয়ে বাংলা একাডেমির উল্টো দিকের উদ্যানের দিকে কেউ ফিরেও তাকাবে না আজ থেকে। কিংবা তাকাবে হয়তো! গেন্ডারিয়া থেকে আসা দীপঙ্কর নন্দী কাল সন্ধ্যায় পরিচিত এক বন্ধুর কাছ থেকে এক থলে বই উপহার পেয়ে বলছিলেন, ‘ইশ্, আরও কয়েকটা দিন সময় পেলে আরও কিছু বই উপহার পেতাম।’ বই উপহার পেতে কার না ভালো লাগে!