
নাজিহা ইফরাত ছুটে এসেছেন ভারত থেকে। তিনি বিবিএ করেছেন ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয় থেকে। শত ব্যস্ততার মধ্যেও তাঁর মন পড়েছিল প্রিয় ক্যাম্পাসে। দিন গুনছিলেন আবার সহপাঠীদের সঙ্গে কখন দেখা হবে—আনন্দে আড্ডায় মাতবেন পুরোনো স্মৃতিতে। অবশেষে এল সেই দিন। শুধু নাজিহা নন, দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছিলেন হাজারো ছাত্রছাত্রী। মেতেছিলেন নাচ, গান, আড্ডা আর কথামালায়।
গত ৩০ নভেম্বর রাতে অনুষ্ঠিত হলো ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের (ইডিইউতে) জমজমাট পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এতে ছাত্রছাত্রীদের পাশাপাশি গান গেয়ে মাত করেন হালের জনপ্রিয় গায়ক তাহসান। ছিলেন আরেক জনপ্রিয় শিল্পী রাফাও। ইডিইউর কালচারাল ক্লাবের আয়োজনে নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজন করা হয় অনুষ্ঠান।
‘ইডিইউ ব্লকবাস্টার’ শিরোনামের এই আয়োজনে সবার সম্মিলনে পুরো অনুষ্ঠান রূপ নিয়েছিল অন্য মাত্রায়। নাভিদ ও জায়েদার উপস্থাপনায় শুরু হয় অনুষ্ঠান। এতে শুভেচ্ছা জানান উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সিকান্দার খান, অ্যাসোসিয়েট ডিন মোহাম্মদ নাজিম উদ্দিন, ইংরেজি বিভাগের চেয়ারম্যান শাহ আহমেদ, কালচারাল ক্লাবের উপদেষ্টা তাবাসসুম চৌধুরী ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মানজুমা মোরশেদ।
সাংস্কৃতিক আয়োজনের শুরুতে ছিল শিক্ষার্থীদের পরিবেশনায় নাচ ও গান। এরপর গান নিয়ে মঞ্চে আসেন শিল্পী রাফাও। তিনি গেয়ে শোনান ‘হারকালা’, ‘চলো আরেকবার’সহ ১০টি গান।
রাত নয়টায় মঞ্চে উঠেন তাহসান। সবার উদ্দেশে হাত নাড়তেই শোরগোল পড়ে গেল মিলনায়তনে। এরপর মাইক্রোফোন হাতে নিয়ে গানের ফাঁকে ফাঁকে কথার জাদুতেও মুগ্ধ করেন এই তারকা।
তিনি একে একে গাইলেন ‘প্রেম তুমি’, ‘বিন্দু, ছুঁয়ে দিলে মন’, ‘দূরে তুমি দাঁড়িয়ে’, ‘শুধু তোমায় ভালোবাসি’সহ বেশ কয়েকটি গান।
কালচারাল ক্লাবের আহ্বায়ক শিক্ষার্থী মাসুদুর রহমান বলেন, কালচারাল ক্লাব সব সময় সাংস্কৃতিক চর্চাকে অব্যাহত রাখার চেষ্টা করে। তবে এবার ব্যতিক্রমীভাবে সবাইকে একসঙ্গে করে পুনর্মিলনীর আয়োজন করা হলো।