তাহিরপুর-সুনামগঞ্জ সড়ক যোগাযোগ স্থাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বর্ষায় নাও হেমন্তে পাও’, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলাবাসীর যোগাযোগের এ অবস্থার অনেকটা অবসান হয়েছে। গত অর্থবছরে তাহিরপুর সদর থেকে উপজেলার বালিজুরী ইউনিয়নের আনোয়ারপুর পর্যন্ত শনির হাওরের পাড় দিয়ে তেরি পাঁচ কিলোমিটার দীর্ঘ ঝুঁকিপূর্ণ সড়কটি সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ কর্তৃক সড়কের ওপর কার্পেটিং এবং শনির হাওরের ঢেউ থেকে রক্ষায় সড়কটির হাওরপাড়ে ব্লক দিয়ে নির্মাণ করা হয়েছে। সুনামগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এ সড়কের আনোয়ারপুর রক্তি নদীর ওপর পাঁচ কোটি ৩০ লাখ ৪২ হাজার টাকা ব্যয়ে ১২৫ মিটার দীর্ঘ সেতুর কাজ সম্পন্ন করেছে। গতকাল শনিবার বিকেলে স্থানীয় সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এ সেতুর উদ্বোধন করার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সেতুটি উন্মুক্ত করে দেওয়া হয়। আর এতে করে স্বাধীনতার ৪০ বছর পর তাহিরপুর উপজেলাটি সড়কপথে সুনামগঞ্জের সঙ্গে যোগাযোগ সহজ হলো।এখন সুনামগঞ্জ সুরমা নদীর ওপর নির্মাণাধীন সেতুটি সম্পন্ন হলেই সরাসরি জেলা শহরে যাওয়া কিংবা সেখান থেকে সড়কপথে তাহিরপুর আসা যাবে। তবে বর্তমান অবস্থায়ও হাওরবাসীর মনে আনন্দ বিরাজ করছে। তাহিরপুর উপজেলাটি হাওরের মাঝখানে হওয়ায় এখন থেকে সমগ্র তাহিরপুর এবং জামালগঞ্জ ও ধর্মপাশার হাওরপাড়ের একাংশের লোকজন সড়কপথে তাহিরপুর হয়ে জেলা শহর সুনামগঞ্জে যেতে পারবে। আগে জেলা শহরে যেতে যেখানে পাঁচ ঘণ্টা সময় লাগত, এখন এক ঘণ্টারও কম সময়ে সেখানে পৌঁছা যাবে। বাড়ির সামনের রাস্তা দিয়ে চলাচলকারী একটি ম্যাক্সি দেখিয়ে মধ্য তাহিরপুর গ্রামের শতবর্ষী আবদুর রহিম বলেন, ‘আমরা পুরুবেলা (ছেলেবেলা) থাইক্কাই এ স্বপ্ন দেখছি, আউজ্জা হাছা (সত্য) হইছে।’ রক্তি নদীর ওপর নির্মিত সেতুটিকে আনুষ্ঠানিক খুলে দেওয়ার সময় উপস্থিত সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম শামীম বলেন, হাওরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন আজ সত্য হলো।তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় অনগ্রসর তাহিরপুর উপজেলাসহ হাওরাঞ্চলের একটি বৃহৎ অংশের জীবিকার পথ সুগম হবে এবং জীবনমানের উন্নয়ন ঘটবে।বালিজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান বলেন, আজ উপজেলাবাসীর আনন্দের দিন। তাহিরপুর উপজেলা প্রকৌশলী শাহ আলম বলেন, ‘রক্তি নদীর ওপর সেতুর আনুষ্ঠানিক যান চলাচল উন্মুক্ত করার সময় এলাকাবাসীর চোখে-মুখে যে খুশির ঝিলিক দেখেছি, তা সত্যিই মনে রাখার মতো।’ এলজিইডি সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী তানজিন সরোয়ার বলেন, যোগাযোগে অনগ্রসর এ উপজেলার সড়ক যোগাযোগের উন্নয়নে আরও পদক্ষেপ নেওয়া হবে।