তাহিরপুরে ইউপি চেয়ারম্যানের হাতে প্রকৌশলী লাঞ্ছিত
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমানের হাতে উপজেলা প্রকৌশলী মিজানুর রহমান লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের আনোয়ারপুর সেতুর কাছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) রাস্তার মেরামতকাজ তদারকির সময় এ ঘটনা ঘটে।
মিজানুর রহমান জানান, স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন ও এলজিইডি সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলীর নির্দেশে গতকাল সকালে তিনি (মিজানুর) আনোয়ারপুর সেতুর কাছে রাস্তার মেরামতকাজ তদারকি করতে যান। বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান আতাউরকে জানানো হয়নি—এ অভিযোগে দুপুরে চেয়ারম্যান ঘটনাস্থলে এসে শতাধিক জনতা, কর্মকর্তা ও শ্রমিকদের সামনে তাঁকে গালাগাল করেন এবং কয়েকবার মারতে উদ্যত হন। এ সময় অন্য কর্মকর্তা ও স্থানীয় লোকজন চেয়ারম্যানকে নিবৃত্ত করতে চেষ্টা করেন।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইয়ামিন খান বলেন, ‘উপজেলা প্রকৌশলী আমাকে জানিয়েছেন, তাঁকে ইউপি চেয়ারম্যান আতাউর প্রকাশ্যে গালাগাল করেছেন এবং মারতে তেড়ে গিয়েছেন।’
ইউপি চেয়ারম্যান আতাউর রহমান বলেন, ‘আমার ইউনিয়নের কাজ হচ্ছে কিন্তু আমাকে জানানো হয়নি। এ বিষয়টি আমি উপজেলা প্রকৌশলীর কাছে জানতে চেয়েছি, এর বেশি কিছু নয়।’