তাহিরপুরে এক ব্যক্তি খুন তিনজন গ্রেপ্তার
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের আমবাড়ি গ্রামে চাচার হাতে বাদশা মিয়া (২৫) নামের এক যুবক খুন হয়েছেন। পূর্ব বিরোধের জের ধরে গতকাল বৃহস্পতিবার সকালে চাচা রাজ্জাক মিয়া (৫৫) বাড়ির উঠানে কুপিয়ে গুরুতর আহত করেন বাদশাকে। হাসপাতালে নেওয়ার পথে বাদশা মারা যান। বাদশা গ্রামের তাহরাজ মিয়ার (৫০) ছেলে। এ ঘটনায় রাজ্জাক মিয়ার তিন ছেলেকে গ্রেপ্তার করেছে তাহিরপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন: সেলিম মিয়া (৩২), শামছু মিয়া (৩৫) ও শহীদ মিয়া (৩৮)।তাহিরপুর থানার পুলিশ সূত্র জানায়, আমবাড়ি গ্রামের তাহরাজ ও তার বড় ভাই রাজ্জাকের মধ্যে জমি নিয়ে পারিবারিক বিরোধ ছিল। গতকাল বৃহস্পতিবার মসজিদের মুসল্লিদের ইফতার করানো নিয়ে তাঁদের মধ্যে উত্তেজনা আরও বাড়ে। এ নিয়ে সকালে কথা-কাটাকাটির একপর্যায়ে রাজ্জাক মিয়া বাড়ির উঠানে দা দিয়ে কুপিয়ে ভাতিজা বাদশার বাঁ হাতের কবজি ও বাঁ পায়ের গোড়ালি শরীর থেকে আলাদা করে ফেলে। উন্নত চিকিৎসার জন্য পরিবারের লোকজন দ্রুত তাঁকে জেলা শহর সুনামগঞ্জে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। তাহিরপুর থানার উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন বলেন, মামলা প্রক্রিয়াধীন। ঘটনার সঙ্গে জড়িত রাজ্জাক মিয়ার তিন ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে।