তাহিরপুরে খুরা ও তরকা রোগে ২০০ গরুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নে গত ১৫ দিনে খুরা ও তরকা রোগে ২০০ গরুর মৃত্যু হয়েছে। ইউনিয়নের কৃষক ও স্থানীয় পল্লী পশু চিকিৎসকদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।তাহিরপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মঈনুল হুদা জানান, প্রতিষেধকের অভাবে এসব গরুর মৃত্যু হয়েছে। প্রতিষেধকের জন্য বার বার তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাগাদা দিচ্ছেন। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবদুল মোতালেব বলেন, ঢাকার মহাখালীতে পাঁচ লাখ প্রতিষেধকের চাহিদা পাঠানো হয়েছে, কিন্তু সেখান থেকে মাত্র ৬০ হাজার সরবরাহ করা হয়েছে। তাই উপজেলা পর্যায়ে চাহিদামতো প্রতিষেধক সরবরাহ করা যাচ্ছে না।উত্তর শ্রীপুর ইউনিয়নের উত্তর তাহিরপুর গ্রামের পল্লী পশু চিকিৎসক আবদুর রব জানান, এক মাস ধরে গরুর খুরা ও তরকা রোগ দেখা দিয়েছে। এ রোগে গত ১৫ দিনে তাঁর আশপাশের গ্রামে ৫০টি গরুর মৃত্যু হয়েছে। মন্দিয়াতা গ্রামের পল্লী পশু চিকিৎসক সেলিম মিয়া জানান, খুরা ও তরকা রোগে মন্দিয়াতা, তরং, কামালপুর ও তেলিগাঁও গ্রামে ৬০টি গরু মারা গেছে। গত ১৫ দিনে উত্তর শ্রীপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে দুই শতাধিক গরু মারা গেছে।জানা গেছে, খুরা ও তরকা রোগের চিকিৎসা বিষয়ে কৃষকদের কোনো জ্ঞান না থাকায় তাঁরা গরুর খুরায় আলকাতরা লাগান, গরু কাদা পানির মধ্যে সারা দিন বেঁধে রাখেন এবং জিহ্বায় মরিচ ও হলুদের গুঁড়া লাগাচ্ছেন। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জানান, খুরা ও তরকা রোগে আক্রান্ত গরুকে শুকনো জায়গায় রাখতে হবে। গরুর খুরায় আলকাতরা, মুখে মরিচ ও হলুদের গুঁড়া এবং গরুকে কাঁদা মাটিতে গরুকে বেঁধে রাখা যাবে না। তিনি আরও বলেন, রোগাক্রান্ত হয়ে গরু মারা যাওয়ার বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।