সুনামগঞ্জের তাহিরপুরে শনির হাওরের আরও একটি ফসল রক্ষা বাঁধ ভেঙে প্রায় তিন হাজার একর জমির বোরো ধান তলিয়ে গেছে। গত সোমবার রাতে এ ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার ধরমপাশা উপজেলার মুগরাইন-কাইঞ্জা ফসল রক্ষা বাঁধ ভেঙে তিনটি হাওরে পানি ঢুকে পড়েছে। তবে বিকেল পর্যন্ত এসব হাওরের বোরো খেতের ক্ষতির পরিমাণ নিরূপণ করতে পারেনি উপজেলা কৃষি বিভাগ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত নয়টার দিকে শনির হাওরের তাহিরপুর উপজেলার নান্টুখালি এলাকার বাঁধটি ভেঙে যায়। এতে ওই হাওরের প্রায় তিন হাজার একর জমির ফসল তলিয়ে গেছে।
তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল জানান, শনির হাওরে ২০ হাজার ৯৯৫ একর জমি আছে। সোমবার সকালে ওই হাওরের জামালগঞ্জ উপজেলার জালখালি এলাকার বাঁধ ভেঙে হাওরে পানি ঢোকে। পরে স্থানীয় কৃষকদের নিয়ে দিনভর কাজ করে সেটি সংস্কার করা হয়। তবে এর আগেই হাওরের বিরাট অংশ তলিয়ে যায়। এরপর সোমবার রাতে নান্টুখালি এলাকার বাঁধ ভেঙে গেলে কৃষকেরা হাওরের বোরো ধানের আশা ছেড়ে দেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আরও বলেন, ‘দুটি বাঁধ ভেঙে শনির হাওরের ৮০ ভাগ ফসল তলিয়ে গেছে। যেভাবে ঢলের পানি ঢুকছে, তাতে বাকি ধান রক্ষার কোনো পথ দেখছি না।’ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ফিরোজ খান জানান, এটি জেলার একটি বড় ধানের হাওর। তিনটি উপজেলাজুড়ে বিস্তৃত। তাঁরা এখনো পুরো শনির হাওরের ক্ষয়ক্ষতির হিসাব পাননি।
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানির প্রবল চাপে ধরমপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের মুগরাইন-কাইঞ্জা ফসল রক্ষা বাঁধটি গতকাল সকালে ভেঙে গেছে। এতে এখানকার তিনটি হাওরে পানি ঢুকে পড়েছে। উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, মুগরাইন-কাইঞ্জা ফসল রক্ষা বাঁধটির আওতায় কাইঞ্জা হাওরে ১ হাজার ১০২ একর বোরো জমিতে ধান চাষ করা হয়। এর মধ্যে ৭৪১ একর বোরো জমির ধান কাটা বাকি রয়েছে। শালকুমরা হাওরে ৩২১ একর বোরো জমিতে ধান চাষ করা হয়। এর মধ্যে ১৪৮ একর বোরো জমির ধান কাটা বাকি রয়েছে। একই ফসল রক্ষা বাঁধের আওতায় বনুয়া হাওরে ২২২ একর জমিতে বোরো ধান আবাদ করলেও ১৪৮ একরের ধান কাটা বাকি আছে। পাহাড়ি ঢলের পানি হাওরে ঢুকলেও কৃষকেরা পাকা ও আধা পাকা ধান কেটে নিচ্ছেন। গতকাল বেলা তিনটার দিকে এ তথ্য জানিয়েছে উপজেলা কৃষি বিভাগ।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. শোয়েব আহমেদ বলেন, একদিকে ওই তিনটি হাওরে পানি ঢুকছে, অপরদিকে কৃষকেরা জমির পাকা ও আধা পাকা ধান কাটছেন। তাই ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব নয়। বুধবার (আজ) সকালে এ নিয়ে বিস্তারিত বলা যাবে। তবে ওই তিনটি হাওরে কর্তন না করা অবশিষ্ট বোরো জমিই পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তিনি আরও জানান, এই উপজেলায় হাওর প্রণোদনা ও খামার যান্ত্রীকরণ প্রকল্পের মাধ্যমে ১৬টি রিপার (ধান কাটার যন্ত্র) কৃষকদের মধ্যে সরবরাহ করা হয়েছে। প্রথমবারের মতো এই উপজেলার বিভিন্ন হাওরে এই যন্ত্র দিয়ে ধান কাটছেন কৃষকেরা। এটির ব্যবহার ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে বোরো ধান কাটার মৌসুমে আগের মতো আর এখানকার কৃষকদের শ্রমিকসংকটে পড়তে হবে না।