সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মঙ্গলবার রাতে থানা হাজতে দীপলাল দাস (৩৬) নামের এক আসামির মৃত্যু হয়েছে।পুলিশ বলছে, দীপলাল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে তাঁর পরিবার দাবি করছে, পুলিশের নির্যাতনেই দীপলাল মারা গেছেন। দীপলালের ভাই রঙ্গলাল দাস থানায় মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে জানান, তাঁর ভাইকে বিকেলে গ্রেপ্তার করতে বাড়িতে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করলে পুলিশ তাঁকে দৌড়ে ঝাঁপটে ধরে মারধর করে। তিনি অভিযোগ করেন, দীপলালকে মারতে মারতেই পুলিশ থানায় নিয়ে আসে। এরপর রাত সাড়ে আটটার দিকে জানানো হয়, তিনি আত্মহত্যা করেছেন। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলে মাওলা জানান, মঙ্গলবার বিকেলে উপজেলার নয়া বারুঙ্কা গ্রামের দীপলালকে গ্রেপ্তার করে থানা হাজতে রাখা হয়। রাত আটটার দিকে হাজতে তাঁকে খাবার দিতে গিয়ে একজন কনস্টেবল দেখেন বাথরুমের দরজার কবজায় সঙ্গে পরনের শার্ট দিয়ে গলায় পেঁচানো অবস্থায় দীপলালের মৃতদেহ রয়েছে। পরে তিনি বিষয়টি সবাইকে জানান। দীপলালের পরিবারের অভিযোগ সত্য নয়।