তাহিরপুরে নলকূপের পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিক
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সাত ইউনিয়নের পাঁচটি নলকূপের পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিকের উপস্থিতি পাওয়া গেছে। সচেতনতার অভাব ও বিকল্প না থাকায় লোকজন আর্সেনিকযুক্ত পানিই খাবার ও রান্নার কাজে ব্যবহার করছেন।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, এ পর্যন্ত আর্সেনিক আক্রান্ত ৪০ জন রোগী স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে চিকিৎসা নিয়েছেন।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয় সূত্রে জানা গেছে, শ্রীপুর দক্ষিণ ইউনিয়নে ৮০ শতাংশ, শ্রীপুর উত্তর ইউনিয়নে ৮০ শতাংশ, বালিজুরী ইউনিয়নে ২০ শতাংশ, তাহিরপুর সদর ইউনিয়নে ১০ শতাংশ ও বড়দল দক্ষিণ ইউনিয়নের চার শতাংশ নলকূপের পানিতে অতিমাত্রায় আর্সেনিকের উপস্থিতি ধরা পড়েছে। সহনীয় মাত্রা ৫০ পিপিবি (পার্টস পার বিলিয়ন) হলেও তাহিরপুরের বিভিন্ন নলকূপের পানিতে ৫০০ পিপিবি পর্যন্ত আর্সেনিকের উপস্থিতি পাওয়া গেছে।
উপজেলা পরিষদ কার্যালয় সূত্র জানায়, হাওরবেষ্টিত উপজেলার দুই লক্ষাধিক মানুষের খাবার পানির একমাত্র উৎস নলকূপ। শিক্ষা ও অর্থনীতির দিক দিয়ে অনগ্রসর হাওরপাড়ের এসব ইউনিয়নের লোকজন বিকল্প উৎসের পানি না খেয়ে মাত্রাতিরিক্ত আর্সেনিকযুক্ত নলকূপের পানিই পান করছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ইকবাল হোসেন জানান, আর্সেনিকযুক্ত পানি টানা ছয় মাস মানুষের শরীরে প্রবেশ করলে আর্সেনিকোসিস রোগ হতে পারে। এতে শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ আক্রান্ত হতে পারে, এমনকি ক্যানসারও হতে পারে। তবে অতিমাত্রায় আর্সেনিকযুক্ত নলকূপের পানি খাওয়া ও রান্না বাদে অন্যান্য কাজে ব্যবহার করা যাবে। এ ছাড়া এসব এলাকার মানুষকে তিনি চর্বিজাতীয় খাবার, কলিজা, শজনেশাক, ডাঁটাশাক, পুঁইশাক, কলমিশাক, কচুশাক, পাটশাক, গাজর ও মিষ্টিকুমড়া ছাড়াও আমিষ ও ভিটামিনসমৃদ্ধ খাবার গ্রহণের পরামর্শ দিয়েছেন।
জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়, তাহিরপুরের উপসহকারী প্রকৌশলী সৈকত রায় জানান, নলকূপের পানিতে অতিমাত্রায় আর্সেনিকের উপস্থিতির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ইউএনও মোহামঞ্চদ ইয়ামিন খান বলেন, আর্সেনিক বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে উপজেলা সমন্বয় সভায় সব ইউপির চেয়ারম্যানদের উদ্যোগ নিতে বলা হয়েছে।
তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিসুল হক জানান, ইউনিয়নগুলোর গ্রামে গ্রামে গভীর নলকূপ বসানোর জন্য কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।