তাহিরপুরে নৌকা ডুবে চেয়ারম্যান পদপ্রার্থীর মৃত্যু, নিখোঁজ ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে নৌকা ডুবে বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আবদুস ছামাদের মৃত্যু হয়েছে। নিখোঁজ হয়েছেন সাতজন। গতকাল রোববার সন্ধ্যায় লাউড়েরগড়-ঘাঘটিয়া খেয়াঘাট পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় আবদুস ছামাদ গণসংযোগ শেষ করে লাউড়েরগড় ঘাট থেকে নৌকা করে বাদাঘাটে তাঁর বাড়িতে ফিরছিলেন। ওই নৌকায় তিনিসহ ৪০ জন যাত্রী ছিলেন। নৌকাটি ঘাঘটিয়া ঘাটের কাছাকাছি আসামাত্র হঠাৎ দমকা বাতাসে সেটি ডুবে যায়। অনেকেই সাঁতরে তীরে উঠতে পারলেও আবদুস ছামাদসহ আটজন নিখোঁজ হন। পরে এলাকাবাসী গুরুতর অবস্থায় আবদুস ছামাদকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আনোয়ার হোসেন ঘটনাস্থলে আসেন। তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। গতকাল রাত ১০টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে তৎপরতা চলছিল।আগামী ২ জুলাই বাদাঘাট ইউনিয়ন পরিষদের নির্বাচন। এতে তিনিসহ চেয়ারম্যান পদে সাতজন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল। আবদুস ছামাদের আকস্মিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।তাহিরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আবি শাহনুর খান বলেন, নির্বাচন যথারীতি ২ জুলাই অনুষ্ঠিত হবে।