তাহিরপুরে নৌপথে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার রামজীবনপুর এলাকায় বৌলাই নদে গত সোমবার সকালে নৌযানে চাঁদা আদায়ের সময় সুফল মিয়া (৩৫) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একটি খোলা ইঞ্জিনচালিত নৌকাও আটক করা হয়।চাঁদাবাজির অভিযোগে পুলিশ সুফলসহ তিনজনকে আসামি করে থানায় মামলা করেছে। অন্য আসামিরা হলেন একই এলাকার কাণ্ডবপুর গ্রামের আলিফ নুর ও রামজীবনপুর গ্রামের দিলশাদ মিয়া। এ পথে যাতায়াতকারী অধিকাংশ নৌযান বাজিতপুর নৌপরিবহন সমিতির অন্তর্ভুক্ত।অভিযোগ রয়েছে, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বৌলাই নদ দিয়ে যাতায়াতকারী বালু ও পাথরবাহী নৌযান থেকে দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র চাঁদা আদায় করছে। তাহিরপুরের ফাজিলপুর এবং পাশের জামালগঞ্জের দুর্লভপুর থেকে বালু ও পাথরবোঝাই করে প্রতিদিন শতাধিক নৌযান দেশের বিভিন্ন স্থানে যাওয়ার সময় নদের তাহিরপুরের দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের রামজীবনপুর ও পৈণ্ডুব বাজার এলাকায় চাঁদা আদায় করা হয়।সমিতি ও নৌযানশ্রমিক সূত্রে জানা গেছে, লাঠিসোঁটা, রামদা ও দা নিয়ে চাঁদাবাজেরা নৌকায় অবস্থান নেয়। মাঝিরা চাঁদা দিতে না চাইলে তাঁদের মারধর করে আরও বেশি চাঁদা দাবি করে। এ পথ দিয়ে প্রতিদিন বালু ও পাথরবাহী শতাধিক নৌযান দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করে। প্রতিটি নৌযান থেকে ২০০ থেকে এক হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়। এখানে প্রতিদিন অন্তত ৪০ হাজার টাকা চাঁদা আদায় করা হয়।ওই নৌপথে চলাচলকারী ইফতি পরিবহনের মাঝি জাকির বলেন, ‘চান্দাবাজরা রামজীবনপুর গেরামের সামনে থাইক্কা ৫০০ টাকা কইরা রাখে। প্রতিবাদ করলে মারধর করে।’ মা পরিবহনের মাঝি ইসলাম মিয়া বলেন, ‘চান্দাবাজির ঠেলায় নৌহা চালানো দায় অইয়া পড়ছে।’ বাজিতপুর নৌপরিবহন শ্রমিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, ‘দীর্ঘদিন ধরেই রামজীবনপুর ও পৈণ্ডুব বাজার এলাকায় নৌযানপ্রতি কমপক্ষে ২০০ টাকা চাঁদা আদায় করা হয়। এ পথে প্রতিদিন প্রায় ২০০ নৌযান বালু ও পাথর পরিবহন করে। চাঁদাবাজি বন্ধে আমরা প্রশাসনের সব পর্যায়ে লিখিত ও মৌখিকভাবে আবেদন জানিয়েছি। কিছু চাঁদাবাজের কারণে নৌযানে করে মালামাল পরিবহন বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।’ তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম বলেন, ‘তাহিরপুর অংশে নদীতে কোনো নৌযানে চাঁদাবাজির খবর পেলেই আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিই।’