তাহিরপুরে বিদ্যালয়ের ৩৬ দপ্তরির বেতন বন্ধ পাঁচ মাস
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৩৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরিরা পাঁচ মাস ধরে বেতন-ভাতা পাচ্ছেন না। এ কারণে তাঁরা অর্থকষ্টে আছেন। অনেকেই শিক্ষকদের কাছ থেকে ধার করে চলছেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ৩৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩৮ জন দপ্তরি কর্মরত রয়েছেন। ২০১৩ সালের জানুয়ারি ও মার্চে ১৯ জন করে দুই দফায় এই ৩৮ জন নিয়োগ পান। এর মধ্যে লেদারবন্দ প্রাথমিক বিদ্যালয়ের শাহ আলম ও সাধেরখলা প্রাথমিক বিদ্যালয়ের বাচ্চু মিয়ার বেতন মামলাজনিত কারণে শুরু থেকেই বন্ধ রয়েছে। বাকি ৩৬ জন গত বছরের সেপ্টেম্বর থেকে তাঁদের বেতন-ভাতা পাচ্ছেন না। প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না থাকায় তাঁদের বেতন-ভাতা দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষা কার্যালয়ের কর্মকর্তারা।
বাদাঘাট প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি সাদ্দাম হোসেন ও বালিজুরী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি মাসুদ মিয়া জানান, নিয়মিত দায়িত্ব পালন করছেন তাঁরা। কিন্তু পাঁচ মাস ধরে বেতন পাচ্ছেন না। এ কারণে সমস্যা হচ্ছে তাঁদের। উজান তাহিরপুর প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি মোশাররফ হোসেন বলেন, ‘পরিবারে মা, স্ত্রী আর দুই সন্তান আছে। আমার বেতনের টাকায় সংসার চলে। কিন্তু পাঁচ মাস ধরে বেতন বন্ধ। বেতন বন্ধ থাকায় বড় কষ্টে আছি।’
বালিজুরী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ বলেন, ‘দপ্তরিরা সামান্য টাকা বেতন পান। তাঁরা কাজ করছেন, কিন্তু বেতন পাচ্ছেন না। আমরাও কোনো কিছু করতে পারছি না, এটা আমাদেরও খারাপ লাগছে।’
উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার বলেন, ‘বিষয়টি নিয়ে আমরাও বিব্রত। বাধ্য হয়েই শিক্ষকেরা নিজেদের বেতন থেকে দপ্তরিদের চলার জন্য কিছু টাকা ধার দিচ্ছেন। কিন্তু এতে তো সমস্যা মিটবে না। আমরা দপ্তরিদের বেতন দ্রুত দেওয়ার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করেছি।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুল হক খান বলেন, ‘বেতন-ভাতা না পেয়ে দপ্তরিরা সমস্যায় আছেন—বিষয়টি আমরা অবগত। অর্থ বরাদ্দ না আসায় তাঁদের বেতন দেওয়া যাচ্ছে না। আমরা চেষ্টা করছি যাতে তাঁদের বেতন দ্রুত দেওয়া যায়।’