তাহিরপুরে ভিজিডির গম ওজনে কম দিয়ে আত্মসাতের অভিযোগ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নে দুস্থদের জন্য বরাদ্দ দেওয়া ভিজিডির গম ওজনে কম দেওয়া হচ্ছে। এভাবে ওজনে কম দিয়ে ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যরা গম আত্মসাত্ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার উপজেলা খাদ্য গুদাম থেকে ইউনিয়নের ২৪০ জন ভিজিডি কার্ডধারীর মধ্যে জনপ্রতি ৩০ কেজি করে গম বিতরণের কথা ছিল। কিন্তু গম দাড়িপাল্লায় না মেপে প্লাস্টিকের বালতি দিয়ে আন্দাজে দেওয়া হচ্ছিল। এ সময় গম নিতে আসা কয়েকজন দুস্থ ব্যক্তি প্রতিবাদ করলে উপস্থিত ইউপি সদস্যরা কার্ড বাতিলের হুমকি দেন। কার্ডধারীরা পরে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সাংবাদিকদের জানান। তাঁরা বিষয়টি উপজেলা নির্বাহী কমকর্তাকে (ইউএনও) জানালে তিনি ঘটনাস্থলে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে পাঠান।উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান বলেন, যে বালতি দিয়ে গম দেওয়া হচ্ছিল, ওজন দিয়ে দেখা গেছে তাতে গম কম হয়।কামরুজ্জামান আরও জানান, উজান তাহিরপুর গ্রামের হাসিনা বেগম, ভাটি জামালগড় গ্রামের রাবিকুল বেগম, আজিরুন, রফিকা বেগম ও মায়াকুল বেগমের ভিজিডির গম ওজন দিয়ে দেখা যায়, প্রত্যেকেই ২০ থেকে ২১ কেজি করে পেয়েছেন।ইউএনও মাহমুদুর রহমান বলেন, স্টক রেজিস্ট্রার অনুযায়ী উপজেলার দুটি খাদ্য গুদামের একটিতে কোনো মালামাল থাকার কথা নয়। কিন্তু সেখানে শুক্রবার পরিদর্শনে গিয়ে চার হাজার ৭৬০ কেজি গম ও অন্যটিতে অতিরিক্ত সাত হাজার ৪৩৭ কেজি চাল পাওয়া যায়।ইউএনও আরও জানান, ইউপি চেয়ারম্যানদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) শাহীন আলম তাঁকে জানান, অতিরিক্ত গম ও চাল বিভিন্ন ইউপির চেয়ারম্যানদের।সদর ইউপির চেয়ারম্যান শামীম আখঞ্জি ভিজিডির গম আত্মসাত্ ও ওজনে কম দেওয়ার ঘটনায় তিনি জড়িত নন বলে দাবি করেন।