তাহিরপুরে রাতের আঁধারে বিদ্যালয়ের তালা ভাঙচুর
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় একদল দুষ্কৃতকারী বুধবার রাতে তাহিরপুর সরকারি উচ্চবিদ্যালয়ের তিনটি শ্রেণীকক্ষ ও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষ ও শ্রেণীকক্ষের তালা ভেঙেছে। দুষ্কৃতকারীরা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস রুমের কাগজপত্র তছনছ এবং দুটি বিদ্যালয়ের শ্রেণীকক্ষ থেকে কয়েকটি চেয়ার ও বেঞ্চ নিয়ে গেছে। খবর পেয়ে গতকাল দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহ্জাহান মিয়া তালুকদার এ বিষয়ে গতকাল তাহিরপুর থানায় জিডি করেছেন। বিদ্যালয় দুটি উপজেলা সদর থেকে এক কিলোমিটার দূরে ভাটি তাহিরপুর গ্রামে পাশাপাশি অবস্থিত।তাহিরপুর সরকারি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল হাসান জানান, দুষ্কৃতকারীরা সরকারি উচ্চবিদ্যালয়ের তিনটি কক্ষের তালা ভেঙেছে। অষ্টম শ্রেণী থেকে একটি চেয়ার নিয়ে গেছে।তাহিরপুর থানার পরিদর্শক (তদন্ত) মোল্লা মুনির হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।