তাহিরপুরে রেজিস্টার্ড ও কমিউনিটি বিদ্যালয়গুলোতে তীব্র শিক্ষক-সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার রেজিস্টার্ড বেসরকারি ও কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক-সংকট তীব্র আকার ধারণ করেছে। ফলে উপজেলার প্রাথমিক শিক্ষা কার্যক্রমে অচলাবস্থা বিরাজ করছে। গত বছরের ডিসেম্বর থেকে দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের পৈন্ডব রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদের সবগুলোই শূন্য রয়েছে।আনন্দনগর ও শরীফপুর রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় এবং উক্তিয়ারগাঁও, হাফানিয়া, হলহলিয়া কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চলছে মাত্র একজন করে শিক্ষক দিয়ে।অনুন্নত যোগাযোগব্যবস্থা, অভিভাবকদের অসচেতনতা এবং দারিদ্র্যের কারণে এমনিতেই শিক্ষাক্ষেত্রে পিছিয়ে রয়েছে হাওরবেষ্টিত এ উপজেলার মানুষ। তার ওপর বর্তমানে শিক্ষক-সংকটের কারণে প্রাথমিক শিক্ষা কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে।উপজেলা শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, নিয়োগ-সংক্রান্ত জটিলতার কারণে বর্তমানে নতুন করে শিক্ষক নিয়োগ বন্ধ রয়েছে। উপজেলার ৬৩টি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৩০টি বিদ্যালয়ে ৫৭টি শিক্ষকের পদ শূন্য। আর কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে নয়টি, এর মধ্যে আটটি বিদ্যালয়ের ১৭টি শিক্ষকের পদ শূন্য। পৈন্ডব রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়টির শিক্ষক পদের সবগুলোই শূন্য থাকায় দুজন চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষা কার্যক্রম পরিচালনা করছেন। শনির হাওর ও জামালগঞ্জের হালির হাওরের মধ্যে অবস্থিত এ বিদ্যালয়টিতে শিক্ষার্থীর সংখ্যা ২৪০ জন। ওই বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি দীপক তালুকদার জানান, ফলাফলের দিক থেকে বিদ্যালয়টির বেশ সুনাম রয়েছে। তবে শিক্ষক-সংকটের কারণে শিক্ষার্থীদের যথাযথভাবে পাঠদান বাধাগ্রস্ত হচ্ছে। এভাবে চলতে থাকলে শিগগিরই বিদ্যালয়টি তার সুনাম হারাবে। এদিকে গত বছরের মে থেকে আনন্দনগর রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান করাচ্ছেন একমাত্র শিক্ষক সম্বুল জান্নাত। প্রতিদিন তাঁকে পাঁচটি শ্রেণীর দেড় শতাধিক শিক্ষার্থীকে পাঠদান করাতে হচ্ছে। শিক্ষক-সংকটের কারণে ২০১০ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ১০ জন শিক্ষার্থীর সবাই ফেল করেছে। এবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটার আশঙ্কা করছেন অভিভাবকেরা। শিক্ষক সম্বুল জান্নাত বলেন, ‘আমার হার্টের অসুখ হলেও ছুটি পাচ্ছি না। ছুটি নিলে বিদ্যালয়টি বন্ধ থাকবে।’ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমান বলেন, শিক্ষক-সংকটের কারণে বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। অভিভাবক এমদাদুল হক বলেন, তাঁর এক ছেলে ও এক মেয়ে বিদ্যালয়টিতে পঞ্চম শ্রেণীতে পড়ছে। কিন্তু শিক্ষক না থাকায় তারা যথাযথভাবে শিক্ষার সুযোগ পাচ্ছে না। একই চিত্র দেখা গেছে শরীফপুর রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে। সেখানেও শিক্ষা কার্যক্রম চলছে একজন শিক্ষক দিয়ে। বিগত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বিদ্যালয়টি থেকে অংশ নেওয়া চার শিক্ষার্থীর সবাই ফেল করে। শিক্ষক-সংকটের কারণে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার কথা স্বীকার করে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আকরাম হোসেন জানান, তাঁরা স্থানীয়ভাবে সমস্যা সমাধানের চেষ্টা করছেন।এ ব্যাপারে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, নতুন শিক্ষক নিয়োগ না হওয়া পর্যন্ত চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগ দিয়ে সংকট সমাধানের চেষ্টা করা হচ্ছে।প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিলেট বিভাগের উপপরিচালক (ডিডি) আবদুর রহমান জানান, মামলাজনিত কারণে রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ-প্রক্রিয়া বন্ধ থাকায় এ সংকট দেখা দিয়েছে।