তাহিরপুরে সড়কের কাজ ২০ বছরেও শেষ হলো না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার তাহিরপুর-বাদাঘাট সড়কের কাজ ২০ বছরেও শেষ হয়নি। উপজেলা সদরের সঙ্গে তিনটি ইউনিয়ন এবং একটি শুল্ক বন্দরের যোগাযোগের গুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিনেও যান চলাচলের উপযোগী না হওয়ায় এলাকার তিনটি ইউনিয়নের লক্ষাধিক মানুষ ভোগান্তিতে রয়েছে।
এলাকার কয়েকজন সূত্রে জানা গেছে, তাহিরপুর উপজেলা সদর থেকে বাদাঘাট পর্যন্ত সড়কের দূরত্ব আট কিলোমিটার। এই সড়ক দিয়ে উপজেলা সদরের মানুষ উপজেলার গুরুত্বপূর্ণ ব্যবসাকেন্দ্র বাদাঘাট ও বড়ছড়া শুল্ক বন্দরে প্রতিদিন যাতায়াত করে। এ ছাড়া উপজেলার উত্তর বড়দল, দক্ষিণ বড়দল ও বাদাঘাট ইউনিয়নের লক্ষাধিক মানুষেরও উপজেলা সদরে যাতায়াতের একমাত্র সড়ক এটি।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তাহিরপুর কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯৩ সালে এলজিইডি সড়কটি নির্মাণের উদ্যোগ নেয়। ২০১১-১২ অর্থবছর পর্যন্ত সড়কের ছয় কিলোমিটার পাকা করা হয়েছে। সদর ইউনিয়নের সূর্যেরগাঁও থেকে বৌলাইপুর সেতু পর্যন্ত এক কিলোমিটার এবং বাদাঘাট ইউনিয়নের পাতারগাঁও এলাকায় এক কিলোমিটার রাস্তা এখনো কাঁচা।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, সড়কটির টাকাটুকিয়া এলাকায় সেতুর রেলিং ও দুই পাশের সংযোগ সড়কের কাজ শেষ হয়নি। ২০০৫ সালে শুরু হওয়া সেতুটির কাজ বর্তমানে বন্ধ রয়েছে। উপজেলা পরিষদসংলগ্ন বৌলাই নদের ওপর নির্মিত সেতুরও সংযোগ সড়ক নেই। এই সেতুর অদূরে কাঁচা রাস্তার ১০০ ফুট অংশ আড়াই ফুট পানির নিচে রয়েছে। এ কারণে ওই স্থান দিয়ে লোকজনের হেঁটে চলাও কষ্টকর হয়ে পড়েছে।
তাহিরপুর জয়নাল আবেদীন কলেজের শিক্ষক নুর আহামঞ্চদ বলেন, সড়কটির নির্মাণকাজ শেষ না হওয়ায় স্কুল-কলেজের শিক্ষার্থীসহ শতাধিক গ্রামের মানুষ ভোগান্তিতে রয়েছে। বাদাঘাট ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নিজাম উদ্দিন বলেন, সড়কটির নির্মাণকাজ শেষ হলে তিনটি ইউনিয়নের লক্ষাধিক মানুষ সহজে উপজেলা সদরে যাতায়াত করতে পারবে।
তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন বলেন, ‘এই সড়কের কাজের যে গতি, তাতে আমরা খুশি নই।’
তাহিরপুর কয়লা আমদানিকারক সমিতির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বলেন, সড়কটি নির্মিত হলে উপজেলায় কয়লা, বালু ও পাথর ব্যবসার বিস্তার ঘটবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ ইয়ামিন খান বলেন, গুরুত্বপূর্ণ এই সড়কটি যানবাহন চলাচলের উপযোগী করে তুলতে পারলে উপজেলাবাসীর জীবনমানের উন্নয়ন ঘটবে।
তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিসুল হক বলেন, ‘২০ বছরেও সড়কটির কাজ শেষ হয়নি। নির্মাণকাজ দ্রুত শেষ করে সড়কটি যানবাহন চলাচলের উপযোগী করার জন্য আমার ও উপজেলা পরিষদের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা রয়েছে।’
এলজিইডি তাহিরপুরের উপজেলা প্রকৌশলী মিজানুর রহমান বলেন, এ বছর শুষ্ক মৌসুমে রাস্তাটি যানবাহন চলাচলের উপযোগী হয়ে উঠবে। এ জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।