তাহিরপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পত্রিকায় সংবাদ প্রকাশের জের ধরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার সকালে উপজেলার বাদাঘাট বাজারে এ ঘটনা ঘটে।দৈনিক যুগান্তর পত্রিকার তাহিরপুর প্রতিনিধি হাবিব সারোয়ার আজাদ জানান, গত ২১ সেপ্টেম্বর ভোররাতে বাদাঘাট পুলিশ ফাঁড়ি থেকে বাসায় ফিরছিলেন কনস্টেবল কবির হোসেন। পথে তিনি ছুরিকাঘাতে আহত হন। পরে এ নিয়ে থানায় মামলা হলে পুলিশ উপজেলার কামরাবন্দ গ্রামের মামুন (২৫) ও শিমুলতলা গ্রামের আহসান হাবিবকে (৩০) গ্রেপ্তার করে। পরদিন এ নিয়ে যুগান্তর-এ সংবাদ প্রকাশিত হয়। এর জের ধরে তাঁকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। বিষয়টি তিনি তাহিরপুর থানার পুলিশকে জানান এবং একটি সাধারণ ডায়েরি করেন।আজাদ অভিযোগ করেন, সম্প্রতি এই দুজন জামিনে জেল থেকে ছাড়া পান। এরপর তাঁকে নানাভাবে দেখে নেওয়ার হুমকি দিতে থাকেন তাঁরা। গতকাল সকালে মামুন বাদাঘাট বাজারে আজাদের কাপড়ের দোকানের সামনে এসে তাঁকে ডাকাডাকি করেন এবং প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেন। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে তিনি চলে যান।মামুন ও হাবিবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।