সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বোরো ধান চাষের ১০টি হাওরে জলাবদ্ধতায় প্রতিবছর অনাবাদি জমির পরিমাণ বাড়ছে। বালু ও পলি পড়ে নদীর তলদেশ উঁচু হওয়া, হাওর থেকে পানি নিষ্কাশনের খাল ও নালা ভরাট এবং অপরিকল্পিত স্লুইসগেট নির্মাণের কারণে হাওরগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।গত ১০-১৫ বছর ধরে জলাবদ্ধতা স্থায়ী হয়ে পড়ায় জমিগুলো অনাবাদি থেকে আগাছায় ভরে গেছে। উপজেলা কৃষি কার্যালয় বলছে, স্থায়ী জলাবদ্ধতায় পাঁচ হাজার একর জমি অনাবাদি হয়েছে। তবে এলাকার কৃষক ও কৃষির সঙ্গে সম্পৃক্ত লোকজন বলছেন, শনি, মাটিয়ান, মহালিয়া, পানা, উলান, কলমা, নোয়াল, গলগলিয়া, কাউজ্জাউরি ও সমসার হাওরে সবই এক ফসলি জমি। এসব হাওরে অনাবাদি জমির পরিমাণ ১৫ হাজার একর হবে।মাটিয়ান হাওর উন্নয়ন কমিটির সভাপতি ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আবদুল জলিল তালুকদার বলেন, এ হাওরের জলাবদ্ধতা দীর্ঘদিনের। হাওরটির সাত হাজার একর জমিতে স্থায়ী জলাবদ্ধতা দেখা দিয়েছে। শনির হাওর উন্নয়ন কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুল আমিন বলেন, ১৫ বছর ধরে শনির হাওরে জলাবদ্ধতাজনিত কারণে অনাবাদি জমির পরিমাণ বাড়ছে। বর্তমানে হাওরটির পাঁচ হাজার একর জমিতে স্থায়ী জলাবদ্ধতা রয়েছে।শনির হাওরের পানি নিষ্কাশনের জন্য হাওরটির পশ্চিম দিকে ১৯৯৫ সালে একটি স্লুইসগেট নির্মাণ করা হয়। কিন্তু হাওরটির আহাম্মকখালী বাঁধ সম্প্রসারিত করে স্লুইসগেটটি বন্ধ করে দেওয়া হয়েছে। এতে হাওরের উত্তর-পশ্চিম দিকের পানি নিষ্কাশনে সময় বেশি লাগে, দেখা দেয় জলাবদ্ধতা।দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের রামসিংহপুর গ্রামের কৃষক নৃপেন্দ্র তালুকদার জানান, জলাবদ্ধতায় নোয়াল হাওরে ১১ কিয়ার (এক কিয়ারে ৩০ শতাংশ) জমি ১০ বছর ধরে আবাদ করতে পারছেন না। মাটিয়ান হাওরপারের রতনশ্রী গ্রামের কৃষক শামছুল আলম জানান, হাওরটিতে স্থায়ী জলাবদ্ধতায় ১৫ বছর ধরে তাঁর ২৪ কিয়ার জমি অনাবাদি পড়ে আছে। তাহিরপুর কৃষি কার্যালয়ের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, হাওরগুলোর পাঁচ হাজার একর জমিতে স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। নানা কারণে জলাবদ্ধতা দিন দিন বাড়ছে।হাওরপারের বাসিন্দাদের নিয়ে গঠিত স্থানীয় সংগঠন ‘হাওরবাসী জনফোরাম’-এর সদস্য রুহুল আমিন বলেন, হাওরবাসীর জীবন-জীবিকা রক্ষায় হাওরপারের নদীগুলোর ২০ কিলোমিটার খননের উদ্যোগ নিতে হবে। হাওরের ভেতর দিয়ে পানি নিষ্কাশনের খালগুলো খনন করতে হবে। শনির হাওর উন্নয়ন কমিটির সদস্যরা জানান, সোনাতলা বিল থেকে বগিয়ানী স্লুইসগেট পর্যন্ত হাওরটির পানি নিস্কাশনের খালটি খনন করতে হবে এবং আহাম্মকখালী স্লুইসগেটটি চালু করতে হবে। তা ছাড়া নোয়ালের হাওর থেকে ভবানীপুর গ্রামের পশ্চিম পাশ দিয়ে বয়ে চলা খালটি কানামুইয়া পর্যন্ত খনন করতে হবে।পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জের উপসহকারী প্রকৌশলী শাহ আলম বলেন, আগামী তিন বছরের মধ্যে বৌলাই নদী খননের পরিকল্পনা রয়েছে।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আফসারুল আমিন জানান, ‘সিলেট উন্নয়ন প্রকল্প’ নামে একটি প্রকল্প একনেকে পাস হওয়ার অপেক্ষায় রয়েছে। এটি হলেই হাওরবাসীর সমস্যা সমাধান হয়ে যাবে। আফসারুল আমিন আরও বলেন, বর্তমানে জলাবদ্ধতা নিরসনে হাওরের পানি বের হওয়ার জন্য খালগুলো খনন ও শনির হাওরের স্লুইসগেটটি চালু করা হবে।