তাহের হত্যা মামলায় ৫ জনের ফাঁসির আদেশ
রাজধানীর রামপুরার কর কমিশনার আবু তাহের হত্যা মামলায় পাঁচজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া দুই নারীসহ চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবদুর রহমান সরদার এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত পাঁচজন হলেন বরিশালের নাসির ও রাসেল তালুকদার, রংপুরের রুস্তম, পিরোজপুরের আমির হোসেন এবং রাজবাড়ীর সোহেল রানা। এ ছাড়া একই মামলায় নুর আলম ও মাসুদ মিয়াকে ১০ বছর এবং সেলিনা ও নুরজাহান নামের দুই নারীকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামিদের মধ্যে রুস্তম পলাতক রয়েছেন।
জানা গেছে, ২০১৫ সালের ১ মার্চ আবু তাহের রামপুরায় তাঁর নিজের বাসায় ঘুমিয়ে ছিলেন। ওই দিন দিবাগত রাত তিনটার দিকে আসামিরা গ্রিল কেটে বাসায় ঢোকেন। পরে তাহের ও তাঁর স্ত্রীকে অস্ত্রের ভয় দেখিয়ে হাত-পা বেঁধে ফেলেন এবং আলমারির চাবি নিয়ে স্বর্ণালংকার, মুঠোফোন ও নগদ অর্থ ডাকাতি করে পালিয়ে যান। তবে যাওয়ার সময় আসামিরা তাহেরের ডান হাতের কবজির রগ কেটে দেন। বাঁ পায়েও জখম করেন। পরে তাঁকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত তাহেরের ছেলে এ টি এম আরিফুল হক বাদী হয়ে রামপুরা থানায় একটি হত্যা মামলা করেন। এ মামলায় গ্রেপ্তার হওয়া আসামিদের মধ্যে সাতজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন। জবানবন্দির তথ্য অনুসারে, এ মামলার প্রধান আসামি ফাঁসির দণ্ডপ্রাপ্ত নাসির নিহত আবু তাহেরের গাড়িচালক ছিলেন। ওই বাসার গৃহকর্মী সেলিনা ও নুরজাহান এবং তাঁদের সহযোগী আসামি রুস্তম, আমির হোসেন, সোহেল রানা, নুর আলম ও মাসুদ মিয়া পরস্পর যোগসাজশে পূর্বপরিকল্পনা করে তাহেরের বাসায় ডাকাতি করতে যান। পরে তাঁকে হত্যাও করেন আসামিরা।
এ মামলায় পুলিশ তদন্ত করে গত বছরের ৬ জানুয়ারি ওই আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। মামলায় ৪৩ জন সাক্ষীর মধ্যে ২৩ জনের সাক্ষ্য নেওয়া হয়। গত ২৩ ফেব্রুয়ারি মামলার যুক্তিতর্কের শুনানি শেষে এ রায় ঘোষণার দিন ধার্য করেন আদালত।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌঁসুলি মাহফুজুর রহমান।