তাহের হত্যায় জিয়ার মরণোত্তর বিচার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযোদ্ধা কর্নেল আবু তাহেরের মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় তাঁকে অন্যায়ভাবে হত্যার জন্য সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
গতকাল মঙ্গলবার ছিল কর্নেল আবু তাহেরের ৩৯তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কার্যালয়ে দুপুরে এই আলোচনা সভার আয়োজন করা হয়। এর আগে কর্নেল আবু তাহেরের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও এক মিনিট নীরবতা পালন করে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
সভাপতির বক্তব্যে তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেন, ‘গোপন বিচারে কর্নেল তাহেরকে হত্যা যে অন্যায় ছিল এবং জেনারেল জিয়া যে একজন ঠান্ডা মাথার খুনি, আদালতের রায়ে তা আজ সুস্পষ্ট। বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের ঘৃণ্য অপরাধের জন্য মরণোত্তর বিচার প্রচলিত রয়েছে।’ তিনি জাসদের পক্ষ থেকে জিয়াসহ সব খুনের অপরাধীদের মরণোত্তর বিচার দাবি করেন।
সভায় আরও বক্তব্য দেন জাতীয় শ্রমিক জোট সভাপতি সাংসদ শিরীন আখতার, কর্নেল আবু তাহেরের স্ত্রী লুৎফা তাহের, জাসদের নেতা শফিউদ্দীন মোল্লা, শহিদুল ইসলাম, মাইনুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি।