বঙ্গবন্ধু হত্যার পরের ধাপটি ছিল কর্নেল তাহের হত্যা। তাঁকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশে প্রতিক্রিয়াশীল রাজনীতি পাকাপোক্ত হয়। সেই প্রতিক্রিয়াশীল শক্তি আজও এ দেশে সক্রিয়। এদেরকে নির্মূল করে মুক্তিযুদ্ধের চেতনায় একটি দেশ গড়তে তাহেরের আদর্শের বাস্তবায়ন দরকার।কর্নেল আবু তাহের বীর উত্তমের ৭৪তম জন্মবার্ষিকী ও সিপাহি জনতার অভ্যুত্থানের ৩৭তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনায় বক্তারা এসব কথা বলেন। গতকাল শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে অনুষ্ঠিত দিনব্যাপী তাহের মেলার অংশ হিসেবে এই আলোচনার আয়োজন করা হয়। আলোচনায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) পলিটব্যুরোর সদস্য হায়দার আকবর খান রনো কর্নেল তাহেরকে গণমানুষের সংগ্রামের একজন অগ্রপুরুষ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘জিয়াউর রহমান ছিলেন প্রতিক্রিয়াশীলতার প্রতিভূ, আর কর্নেল তাহের প্রগতির। এই দুয়ের কোনো দিন মিল হয় না, তা হয়ওনি।’ আলোচনায় প্রধান অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, কর্নেল তাহের ছিলেন অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। তাহের হত্যার সঙ্গে জিয়াউর রহমান জড়িত। আর এই হত্যার মধ্য দিয়ে এ দেশে জঙ্গিবাদের বীজ বপন হয়। আলোচনার সভাপতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ার হোসেন বলেন, কয়েক দশক ধরে প্রতিক্রিয়াশীল শক্তি বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় আসীন ছিল। এরা মুক্তিযুদ্ধের ইতিহাসকে ধ্বংস করেছে। কর্নের তাহের মেলা নতুন প্রজন্মকে ইতিহাসের পাঠ নিতে সহযোগিতা করবে। আলোচনায় আরও অংশ নেন সাবেক ছাত্রনেতা নাজমুল হক প্রধান, তাহের সংসদের কোষাধ্যক্ষ মুশতাক হোসেন, কর্নেল তাহেরের সহযোদ্ধা হামদু প্রমুখ। সকালে এই মেলার উদ্বোধন করেন মুক্তিযুদ্ধের ১১ নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধারা। এবারে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো তাহের মেলা। কর্নেল তাহেরের স্মৃতিবিজড়িত সামগ্রী, ছবি, জীবনবৃত্তান্ত, অডিও ক্যাসেট, দলিলপত্র স্থান পায় এ মেলায়। মেলার অংশ হিসেবে ঘুড়ি ওড়ানোর উৎসবের আয়োজন করা হয়।