তাহেরপুত্রকে কুমিল্লা কারাগারে স্থানান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারাগারে ঘটা করে বিয়ের চার দিনের মাথায় লক্ষ্মীপুরের পৌর মেয়র আবু তাহেরের ছেলে এবং একাধিক খুনের মামলার সাজাপ্রাপ্ত আসামি এ এইচ এম বিপ্লবকে গতকাল মঙ্গলবার দুপুরে কুমিল্লা কারাগারে স্থানান্তর করা হয়েছে।
লক্ষ্মীপুর কারাগারের জেলার মো. জয়নাল আবেদিন জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এইচ এম বিপ্লবকে লক্ষ্মীপুর কারাগার থেকে পুলিশি পাহারায় কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে। স্থানীয় একটি সূত্র জানায়, কুমিল্লায় নেওয়ার আগে লক্ষ্মীপুর কারাগারে বিপ্লবের সঙ্গে তাঁর পরিবারের সদস্যরা দেখা করেন।
গত শুক্রবার বিকেলে লক্ষ্মীপুর কারাগারে থেকেই বিপ্লব বিয়ে করেন লক্ষ্মীপুর পৌরসভার লামচরী গ্রামের প্রয়াত আবুল খায়েরের মেয়ে সানজিদা খায়েরকে। তার আগে কারাগারে গায়েহলুদ ও বিয়ের পর ওই রাতে বর-কনের সাক্ষাতের ব্যবস্থা করা হয় বলে সংবাদমাধ্যমে খবর বের হয়। এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা উঠলে বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় খোঁজখবর করতে শুরু করে। এর পরিপ্রেক্ষিতে বিপ্লবকে কুমিল্লা কারাগারে স্থানান্তর করার নির্দেশ দেয় মন্ত্রণালয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (কারা) শওকত মোস্তফা গত রোববার এ বিষয়ে লক্ষ্মীপুর জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক এ কে এম টিপু সুলতানের কাছে বিস্তারিত জানতে চান। ওই দিনই জেলা ম্যাজিস্ট্রেট লিখিতভাবে মন্ত্রণালয়কে জানান, তাঁর কাছে লক্ষ্মীপুর পৌর মেয়র আবু তাহের গত ৩১ জুলাই একটি আবেদন করেন। তাতে জানান, তাঁর কারাবন্দী ছেলে এ এইচ এম বিপ্লবের (কয়েদি নং-২০০৯/এ) সঙ্গে সানজিদা খানমের বিবাহ ধার্য হয়েছে। তাই নিকাহনামায় (কাবিন) বিপ্লবের স্বাক্ষর নেওয়ার অনুমতি চান। জেলা ম্যাজিস্ট্রেট এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিতে লক্ষ্মীপুর কারাগারের তত্ত্বাবধায়ককে নির্দেশনা দেন। এর পরিপ্রেক্ষিতে ১ আগস্ট বিকেল পাঁচটায় ওই বন্দীর কাছ থেকে নিকাহ রেজিস্টারে (কাবিন) স্বাক্ষর গ্রহণ করা হয়।
এদিকে জেলা কারাগারের একটি সূত্র জানায়, ১১ আগস্ট এ বিষয়টি খতিয়ে দেখতে কারা কর্তৃপক্ষের উপমহাপরিদর্শক (ডিআইজি-প্রিজন) অসীম কান্তি পালের লক্ষ্মীপুর জেলা কারাগার পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে।
প্রসঙ্গত, ১৯৯৬ থেকে ২০০১ সালে আওয়ামী লীগ সরকার আমলে লক্ষ্মীপুরে খুন-সন্ত্রাসের কারণে দেশব্যাপী আলোচিত ছিলেন আওয়ামী লীগের নেতা আবু তাহের ও তাঁর ছেলে বিপ্লব। পৃথক তিনটি খুনের মামলায় বিপ্লব সরাসরি জড়িত ছিলেন বলে আদালতে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। তাঁকে বহুল আলোচিত নুরুল ইসলাম হত্যা মামলায় মৃত্যুদণ্ড এবং মহসিন ও ফিরোজ হত্যা মামলায় যাবজ্জীবন সাজা দেন আদালত। ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বিপ্লব পলাতক ছিলেন। তিনি ২০১১ সালের সেপ্টেম্বরে আত্মসমর্পণ করেন। ওই বছরই তৎকালীন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বিএনপির নেতা নুরুল ইসলাম হত্যা মামলায় বিপ্লবের মৃত্যুদণ্ড মাফ করে দেন। পরের বছর রাষ্ট্রপতি আরও দুটি হত্যা মামলায় (মহসিন ও কামাল হত্যা) বিপ্লবের যাবজ্জীবন সাজা কমিয়ে ১০ বছর করেন। বিপ্লব এখন এই সাজা ভোগ করছেন। কারাগার সূত্রে জানা গেছে, বিপ্লবকে আরও সাড়ে চার বছর কারাগারে সাজা ভোগ করতে হবে।