তাহেরপুত্রকে জেতাতে প্রস্তুতি সম্পন্ন!
লক্ষ্মীপুরে পৌর মেয়র আবু তাহেরপুত্র টিপুকে বিজয়ী করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন বলা যায়। ভোটাররা যাতে ভোটকেন্দ্রে না যেতে পারেন, সে জন্য নানাভাবে ভোটারদের মধ্যে ভয়ভীতি ছড়িয়ে দেওয়া হয়েছে। হামলা ও মামলার ভয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কর্মী-সমর্থকেরা এলাকাছাড়া। নির্বাচনী এজেন্ট হওয়ার মতো কর্মী-সমর্থক পাচ্ছেন না বিএনপি-সমর্থিত প্রার্থী ও আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী।
উপজেলা নির্বাচন সামনে রেখে গতকাল রোববার সকাল, দুপুর ও রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। ভোটকেন্দ্রের আশপাশে, হাটবাজারে সশস্ত্র তরুণেরা ককটেলের বিস্ফোরণ ঘটান বলে জানান প্রত্যক্ষদর্শীরা। পৌরসভার উত্তর মজুপুর, দক্ষিণ মজুপুর এবং মান্দারী, ভবানীগঞ্জসহ প্রায় সব ইউনিয়নে ককটেল বিস্ফোরণের কারণে ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।
শনিবার দিবাগত রাতে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মাহমুদুল হক ওরফে দীপুর মান্দারী ইউনিয়নের বাড়িতে র্যাব ও পুলিশের উপস্থিতিতে অভিযান চালায় তাহের বাহিনীর সদস্যরা। এ সময় কয়েকটি গুলি ফোটায় তারা। ওই সময় মাহমুদুল হক বাসায় ছিলেন না। অভিযান শেষে পুলিশ স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য ও মাহমুদুল হকের প্রধান নির্বাচনী সমন্বয়ক রাসেল মেম্বারকে তুলে নিয়ে যায়। পরে ২০১৩ সালের ডিসেম্বর মাসে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে চলা আন্দোলনের সময় দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
এর আগে শনিবার রাত ১০টার দিকে ভাঙ্গা খাঁ ইউনিয়নের যুবদল কর্মী আবুল কাশেমকে তুলে নেওয়া হলেও রোববার রাতে এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। গত কয়েক দিনে এ এলাকায় হামলা-মামলায় এলাকা ছাড়া হয়েছেন হাজারো রাজনৈতিক কর্মী।
শনিবার দত্তপাড়া ইউনিয়নে বিএনপির ৬৭ জন নেতা-কর্মীসহ ৩০ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা দিয়েছে পুলিশ। উত্তর জয়পুরে ৭২ জনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এরপর গতকাল কোনো নতুন মামলা দেওয়া না হলেও পুরোনো মামলায় জড়িয়ে পড়ার ভয়ে প্রায় প্রতিটি ইউনিয়নের বিএনপির নেতা-কর্মীরা এলাকা ছাড়া। পাশাপাশি হুমকি-ধামকি তো রয়েছেই।
লক্ষ্মীপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান বলেন, নির্বাচনে দলীয় সমর্থিত প্রার্থীর এজেন্ট দেওয়াও তাঁদের জন্য কঠিন হয়ে পড়েছে। তিনি বলেন, ‘আমাদের দলের প্রার্থী নিজেও ঠিকমতো এলাকায় থাকতে পারছেন না। আর কর্মীদের অবস্থা কী তো বুঝতেই পারছেন।’
আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ চেয়ারম্যান প্রার্থী মহিউদ্দিন বকুল অভিযোগ করেন, সবগুলো এলাকায় তাঁর কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে। ভোটারদেরও ভোটকেন্দ্রে না যেতে বলা হচ্ছে তাহের বাহিনীর পক্ষ থেকে। বশিকপুর ইউনিয়নের চেয়ারম্যান কাশেম জেহাদি বাহিনী (তাহেরের সহযোগী) প্রকাশ্যে মাইকে ঘোষণা দিয়ে ভোটারদের হুমকি দিচ্ছে। তাঁর কর্মীদের ওপর হামলা চালালে অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাননি বলে জানান মহিউদ্দিন।
এসব অভিযোগ নাকচ করে পাল্টা অভিযোগ করেন আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী এ কে এম সালাহউদ্দিন টিপু। তিনি বলেন, বিএনপি-সমর্থিত প্রার্থীর সন্ত্রাসীরা বিভিন্ন এলাকায় তাঁর কর্মীদের ওপর হামলা চালাচ্ছে। তিনি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন বলে দাবি করেন।
লক্ষ্মীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার শেখ শরীফুল ইসলাম বলেন, লক্ষ্মীপুরের ১৫৯টি কেন্দ্রই গুরুত্বপূর্ণ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিএনপি ও অন্য প্রার্থীর কর্মী-সমর্থকদের হয়রানি করার অভিযোগ নাকচ করে দিয়ে তিনি বলেন, পুলিশ সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালায়।
এদিকে, সন্ত্রাসীদের হামলা এবং পুলিশের অভিযান ও মামলার পাশাপাশি প্রশাসনের ওপর নিজের প্রভাব নিয়মিতই খাটিয়ে যাচ্ছেন পৌর মেয়র আবু তাহের। প্রতিদিনই নির্বাচনী প্রচারণায় বের হন তিনি। পৌর মেয়রের গাড়িতে চড়ে চষে বেড়িয়েছেন বিভিন্ন এলাকা। তাঁর স্ত্রীও ওই গাড়ি নিয়ে নির্বাচনী প্রচারে গেছেন। এভাবে সরকারি গাড়ি ব্যবহার করায় নির্বাচিনী আচরণবিধির লঙ্ঘন হলেও নির্বাচন কমিশন নিশ্চুপ।
নির্বাচনী কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রেও রয়েছে নানা অভিযোগ। মেয়র আবু তাহের প্রভাব খাটিয়ে তাঁর ঘনিষ্ঠদের নির্বাচনী দায়িত্ব পাওয়ার সুযোগ করে দিয়েছেন। পৌরসভার অনেক কর্মচারীকেও প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে। এর বাইরে লক্ষ্মীপুরের বিভিন্ন সরকারি দপ্তরে কাজ করেন, মেয়রের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বেশ কিছু কর্মকর্তাও নির্বাচনী দায়িত্ব পেয়েছেন।
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহাদাত হোসেন বলেন, ‘এ এলাকায় ১৫৯টি কেন্দ্র। পৌরসভার কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্ব না দিলে এত কর্মকর্তা কোথায় পাব।’ তিনি জানান, পৌরসভার ১৫-২০ জন কর্মকর্তাকে নির্বাচনী দায়িত্ব দেওয়া হয়েছে।
পুলিশ গত রাতে লক্ষ্মীপুর থেকে নির্বাচনের খবর সরাসরি সম্প্রচারে এনটিভি ও একাত্তর টেলিভিশনকে বাধা দিয়েছে।
গতকালও প্রথম আলো গায়েব: গতকালও লক্ষ্মীপুরের পাঠকেরা প্রথম আলো পত্রিকা পাননি। সকালেই গায়েব হয়ে যায় সব পত্রিকা। ‘উপজেলা দখলে মরিয়া পৌর মেয়র তাহের’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। সকালে লক্ষ্মীপুরে পত্রিকা আসার পরপরই হকার ও এজেন্টদের কাছ থেকে সব পত্রিকা নিয়ে যায় তাহের বাহিনীর লোকজন। এর আগে শনিবার ‘লক্ষ্মীপুরে জান বাঁচানো ফরজ’ শিরোনামে আরেকটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই দিনও হকার ও এজেন্টদের কাছ থেকে সব পত্রিকা নিয়ে যায় তাহের বাহিনীর সদস্যরা।
জামায়াতের সঙ্গে আঁতাত!: লক্ষ্মীপুর সদর উপজেলার নির্বাচনে বিএনপি ও অন্যরা নির্বাচনী প্রচারে অংশ নিতে না পারলেও নির্বিঘ্নে প্রচার চালিয়েছেন জামায়াতের ভাইস চেয়ারম্যান প্রার্থী নাসির উদ্দিন। প্রকাশ্যেই কাজ করছেন পৌর ও ইউনিয়ন এলাকাগুলোতে। স্থানীয় ভোটাররা বলছেন, তাহের বাহিনীর সদস্যরাও তাঁকে সহায়তা করছে। কয়েক দিন আগে বিএনপির নেতা শহীদ উদ্দিন চৌধুরীর লক্ষ্মীপুরের বাসার সংবাদ সম্মেলনে কয়েকবার ফোন করেও জামায়াত প্রার্থীকে আনা যায়নি। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
সংশোধনী: গতকাল প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনে তাহেরপুত্র সালাহউদ্দিনকে ভুলক্রমে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছাপা হয়েছে। প্রকৃতপক্ষে তিনি জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক।
উপজেলা নির্বাচন ২০১৪
ভোট গ্রহণ ৩৮৬
ফল ঘোষণা ৩৮২
আওয়ামী লীগ ১৭২
বিএনপি ১৪১
জামায়াত ৩৩
জাতীয় পার্টি ৩
বিদ্রোহী ও অন্যান্য ৩৩
স্থগিত ৪