লক্ষ্মীপুর পৌরসভার মেয়র ও আওয়ামী লীগের বিতর্কিত নেতা আবু তাহেরের ছেলে এবং দুটি হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি এ এইচ এম বিপ্লব, পালিত ছেলে আবদুল জব্বার লাভুসহ তিনজনকে লক্ষ্মীপুর থেকে ঢাকা ও কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়েছে।
কারাগারে বেআইনি কাজ ও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির অপপ্রয়াসে লিপ্ত অভিযোগে ৪ এপ্রিল এই তিনজনকে লক্ষ্মীপুর কারাগার থেকে স্থানান্তর করা হয়। তাঁদের মধ্যে বিপ্লবকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে, জব্বারকে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে এবং বিপ্লবের সহযোগী সৈয়দ নুরুল আজিম বাবরকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) সৈয়দ ইফতেখারউদ্দীন গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, বিপ্লব, জব্বার ও নুরুল আজিম কারাগারের ভেতরে বেআইনি কাজ ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে আসছিলেন। কারা প্রশাসনে শৃঙ্খলা বজায় রাখতে তাঁদের প্রশাসনিক কারণে ঢাকা ও কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়েছে।
কারা সূত্র বলেছে, লক্ষ্মীপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আইনজীবী নুরুল ইসলাম হত্যা মামলায় ২০০৩ সালে বিপ্লবের মৃত্যুদণ্ডাদেশ হয়। দীর্ঘদিন পলাতক থাকার পর ২০১১ সালের ৪ এপ্রিল বিপ্লব আদালতে আত্মসমর্পণ করেন। পরে তাঁর বাবা আবু তাহের বিপ্লবের প্রাণভিক্ষা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে তৎকালীন রাষ্ট্রপতি বিপ্লবের সাজা মওকুফ করেন। গত বছরের ১৪ জুলাই এই সাজা মওকুফের আদেশ কার্যকর হয়। লক্ষ্মীপুরের ইসলামী ছাত্রশিবিরের নেতা এ এস এম মহসিন হত্যা মামলা ও কামাল হত্যা মামলায় বর্তমানে বিপ্লব কারাদণ্ড ভোগ করছেন। ওই দুই মামলায় তাঁর যাবজ্জীবন কারাদণ্ড হলেও আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১২ সালে রাষ্ট্রপতি তা কমিয়ে ১০ বছর করেন। ২০১৪ সালে লক্ষ্মীপুর কারাগারে বন্দী থাকাকালে ফোনে বিয়ে করেন বিপ্লব।
এ ছাড়া বিপ্লবের বিরুদ্ধে স্কুলছাত্র জাহিদ হত্যা মামলা ও এতিমখানায় অগ্নিসংযোগের মামলা ‘রাজনৈতিক হয়রানিমূলক’ বিবেচনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে প্রত্যাহার করা হয়।
২০০০ সালের ১৮ সেপ্টেম্বর রাতে লক্ষ্মীপুর পৌর এলাকার মজুপুরের বাসা থেকে নুরুল ইসলামকে অপহরণ করা হয়। এরপর আর তাঁর সন্ধান মেলেনি।
কামাল হত্যা মামলায় নিম্ন আদালতে তাহেরের যাবজ্জীবন কারাদণ্ড হলেও তিনি হাইকোর্টে খালাস পান। কামাল হত্যা মামলায় জব্বার এবং কামাল ও নুরুল ইসলাম হত্যা মামলায় নুরুল আজিম যাবজ্জীবন সাজা ভোগ করছেন।
কারা অধিদপ্তরের একজন কর্মকর্তা বলেন, বিপ্লবের এক সহযোগী জামিনে ২ এপ্রিল লক্ষ্মীপুর কারাগার থেকে মুক্তি পান। তিনি ১৩ এপ্রিল লক্ষ্মীপুর কারাগারের কারাধ্যক্ষ শরিফুল ইসলামের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগে রায়পুর থানায় মিথ্যা মামলা করেন, যাতে কারাধ্যক্ষ বিপ্লবের সহযোগীর সঙ্গে সমঝোতা করে বিপ্লবকে আবার লক্ষ্মীপুর কারাগারে ফিরিয়ে নিতে বাধ্য হন।