রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী শিক্ষাগত যোগ্যতার দিক থেকে এগিয়ে আছেন। বিপরীত চিত্র ভবানীগঞ্জ পৌরসভায়। এখানে আওয়ামী লীগ প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা বিএনপি প্রার্থীর চেয়ে কম। প্রার্থীদের হলফনামা ঘেঁটে এ তথ্য জানা গেছে।
উপজেলার তাহেরপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এঁরা হলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সভাপতি আবু নঈম সামসুর রহমান ওরফে মিন্টু ও স্বতন্ত্র প্রার্থী নওশাদ আহমেদ।
এঁদের হলফনামা সূত্রে জানা যায়, তিন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের আবুল কালাম আজাদ সর্বোচ্চ ডিগ্রিধারী। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন। একই পৌরসভার বিএনপির প্রার্থী আবু নঈম সামসুর রহমানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস। আর স্বতন্ত্র প্রার্থী নওশাদ আলীর সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস লেখা রয়েছে।
অন্যদিকে ভবানীগঞ্জ পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল মালেক ও পৌর বিএনপির সভাপতি আবদুর রাজ্জাক। হলফনামা অনুসারে আওয়ামী লীগের প্রার্থী আবদুল মালেক সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাস বলে উল্লেখ করেছেন। অন্যদিকে এই পৌরসভার বিএনপি-সমর্থিত প্রার্থী বর্তমান মেয়র আবদুর রাজ্জাকের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস বলে হলফনামায় উল্লেখ আছে।
এসব প্রার্থীর সঙ্গে কথা বললে সব প্রার্থীই হলফনামায় দেওয়া তাঁদের শিক্ষাগত যোগ্যতা সঠিক বলে দাবি করেন।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, প্রার্থীরা যে শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ করেছেন, তার প্রমাণপত্র হিসেবে সনদ জমা দিয়েছেন।