তাহেরপুরে পুলিশ হত্যা ও অস্ত্র লুটের মামলায় ২৪ জনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুরে পুলিশ হত্যা ও পুলিশের অস্ত্র লুটের মামলায় ২৪ জন চরমপন্থী দলের সদস্যের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড হয়েছে। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। গতকাল রোববার রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক একরামুল হক চৌধুরী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ড পাওয়া ব্যক্তিদের মধ্যে ২০ জন আদালতে উপস্থিত ছিলেন। তাঁরা হলেন: চান্দু প্রামাণিক ওরফে মতিন, তোতা ওরফে কালা, নজরুল ইসলাম ওরফে নজু, বাচ্চু ইসলাম ওরফে জনী, জবান মিয়া, ইয়াসিন আলী মণ্ডল, বাবুল হোসেন, বোরহান ওরফে শান্ত, রফিকুল ইসলাম ওরফে কাজল, আবদুল মতিন, বাদশা, শাহজালাল, মাসুদ মণ্ডল মাস্টার, জালাল উদ্দিন, সাইফুল মেম্বার, আবু বক্কর, গোপাল দেব শর্মা, ফিরোজ উদ্দিন ওরফে বল্টু ও গোলজার হোসেন ওরফে হিটলার। আর পলাতক আসামিরা হলেন এলাহী ওরফে মিঠু, মামুন ওরফে বুলেট, রতন ওরফে তিতাস ও সফিক ওরফে প্রদীপ। আসামিদের সবাই রাজশাহীর বাগমারা ও তানোর, নাটোরের নলডাঙ্গা এবং নওগাঁর রানীনগর থানার বাসিন্দা। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৮ সালের ২ মে বাগমারার তাহেরপুর ডিগ্রি কলেজের সামনে সন্ধ্যা পৌনে সাতটার দিকে চরমপন্থী দল পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) সদস্যরা হামলা চালিয়ে এক পুলিশ সদস্যকে হত্যা করেন। ওই পুলিশ সদস্যের নাম মিজানুর রহমান। এ ছাড়া এই হামলায় পুলিশের চারজন সদস্যসহ আরও পাঁচজন আহত হন। পরে দুর্বৃত্তরা পুলিশ সদস্যদের কাছে থাকা পাঁচটি আগ্নেয়াস্ত্রও লুট করে নিয়ে যান। এ ঘটনায় তাহেরপুর পুলিশ ফাঁড়ির তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) নাসিরুল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেন। তদন্ত শেষে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ ২০০৯ সালের ২১ নভেম্বর ২৯ জন চরমপন্থীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। তাঁদের মধ্যে পাঁচজন বিভিন্ন সময় র‌্যাব ও পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। মামলাটি স্পর্শকাতর হিসেবে উল্লেখ করে ২০১০ সালের ২৪ এপ্রিল মুখ্য বিচারিক হাকিম আদালত থেকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। পরে আদালত সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দিলেন।রায়ে বলা হয়েছে, পলাতক আসামিরা যেদিন আত্মসমর্পণ করবেন, সেদিন থেকে তাঁদের সাজা কার্যকর হবে। জানতে চাইলে বাগমারা থানার ওসি হারুন অর রশিদ প্রথম আলোকে বলেন, দণ্ডিত ব্যক্তিরা সবাই চরমপন্থী দলের সদস্য। রাজশাহীর পুলিশ সুপার এস এম রোকন উদ্দিন বলেন, ‘এ রায়ে খুশি, তবে সর্বোচ্চ সাজা হলে আরও খুশি হতাম।’রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি এন্তাজুল হক বাবু।