তাহেরপুরে হরতাল চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারার তাহেরপুরে পুলিশের গুলিতে এক ব্যবসায়ী নিহত হওয়ার প্রতিবাদে স্থানীয় ব্যবসায়ীদের ডাকে তিন দিনের হরতালের মধ্যে আজ শুক্রবার প্রথম দিন চলছে। হরতালকারীরা গাছের গুঁড়ি ও বেড়া দিয়ে তাহেরপুরের প্রবেশপথে ভবানীগঞ্জ-পুঠিয়া সড়ক অবরোধ করে রেখেছেন। এতে ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে আজ সকালে নিহত ব্যবসায়ী মাহাতাব মোল্লার মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের অভিযোগ, তাহেরপুর ক্যাম্পের পুলিশ দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি করছে। ক্যাম্পের সদস্যরা তাহেরপুর বাজারের বিভিন্ন দোকান থেকে পণ্য নিয়ে মূল্য পরিশোধ করেন না। এ ছাড়া বৈধ ও অবৈধ মোটরসাইকেল আটক করে মোটা অঙ্কের চাঁদা আদায় করে পুলিশ। ঈদের আগে পুলিশ আরও বেপরোয়া হয়ে উঠেছে। এতে করে ব্যবসায়ীরা অতিষ্ঠ।

ঈদের আগে পুলিশ যাতে হয়রানি না করে তা নিয়ে আলোচনার জন্য তাহেরপুর পৌরসভার সাবেক মেয়র ও স্থানীয় ব্যবসায়ী আবু নঈম শামসুর রহমানের নেতৃত্বে ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদল গতকাল বৃহস্পতিবার বেলা তিনটার দিকে তাহেরপুর পুলিশ ক্যাম্পে যায়। আলোচনার একপর্যায়ে চাঁদাবাজি নিয়ে পুলিশের সঙ্গে তাঁদের বাগবিতণ্ডা হয়। এ সময় পুলিশ কনস্টেবল শাহাদত হোসেন রাইফেল দিয়ে ব্যবসায়ীদের ওপর গুলি করেন। এতে ঘটনাস্থলেই মাহাতাব মোল্লা নিহত হন।

ওই গুলির ঘটনার পর ক্ষুব্ধ জনতা পুলিশ ক্যাম্পে হামলার চেষ্টা চালায় এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় পুলিশ জনতাকে লক্ষ্য করে লাঠিপেটা করে ও গুলি চালায়। এতে সাতজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হন।

পরে ব্যবসায়ীদের ওপর নির্বিচারে গুলি ও হত্যার প্রতিবাদে স্থানীয় লোকজন তাহেরপুর পৌরসভা এলাকায় আজ শুক্রবার তিন দিনের হরতালের ডাক দিয়েছে।

তাহেরপুর বণিক সমিতির সভাপতি আলাউদ্দিন আজ প্রথম আলো ডটকমকে জানান, শান্তিপূর্ণভাবে হরতাল চলছে। ব্যবসায়ী হত্যার সুষ্ঠু বিচার ও দোষী পুলিশ সদস্যদের গ্রেপ্তারের দাবিতে তাঁরা এই হরতাল পালন করছেন।

এদিকে মাহাতাব মোল্লার পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হামিদ বলেন, এ ঘটনায় পুলিশের এক উপপরিদর্শককে সাময়িক বরখাস্ত ও ১৭ পুলিশ সদস্যকে রাজশাহী পুলিশ লাইনে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।