তাহেরের গোপন বিচার চ্যালেঞ্জ করে ইনুর রিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লে. কর্নেল এম এ তাহেরের সঙ্গে বিশেষ সামরিক ট্রাইব্যুনালে গোপন বিচারের মুখোমুখি জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও দলটির সহসভাপতি রবিউল আলম হাইকোর্টে রিট আবেদন করেছেন। গতকাল সোমবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদনটি দাখিল করা হয়।সূত্র জানায়, আবেদনে গোপন বিচার ও তাঁদের দণ্ড প্রদানের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। এ ছাড়া আবেদনে ১৯৭৬ সালের জুলাই মাসে সামরিক আদালতে অনুষ্ঠিত বিচার অবৈধ ও অসাংবিধানিক ঘোষণার পাশাপাশি তাঁদের হারিয়ে যাওয়া সামাজিক মর্যাদা ফিরে পাওয়ার আরজি জানানো হয়েছে। ওই আদালতে কর্নেল তাহেরের গোপন বিচার ও দণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে রিটের ওপর চূড়ান্ত শুনানি হচ্ছে।জানা যায়, ১৯৭৬ সালের ১৭ জুলাই সামরিক আদালতের রায়ে লে. কর্নেল তাহেরের ফাঁসি ছাড়াও অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। ওই সময়ে দেওয়া রায়ে ইনুর ১০ বছরের জেল, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের সাজা দেওয়া হয়। দীর্ঘদিন কারাভোগের পর ১৯৮০ সালের ১৩ জুন ইনু মুক্তি পান। এ ছাড়া রবিউল আলমের পাঁচ বছরের জেল, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সাজা দেওয়া হয়।