তাহেরের গোপন বিচারকারীদের অবস্থান জানানোর নির্দেশ
১৯৭৫ সালের নভেম্বর থেকে ১৯৭৬ সালের আগস্ট পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় থাকা সেনাসদস্যদের নাম-ঠিকানা ও বর্তমান অবস্থান জানাতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আদালত ওই সময় বিচারের জন্য গঠিত বিশেষ সামরিক ট্রাইব্যুনালের বেসামরিক ও সামরিক চার সদস্যের অবস্থান জানতে চেয়েছেন।লে. কর্নেল এম এ তাহেরের গোপন বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানিতে গতকাল বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।বিশেষ ট্রাইব্যুনালের চার সদস্যের মধ্যে বেসামরিক সদস্য হলেন মো. আবদুল আলী, হাসান মোরশেদ এবং সামরিক সদস্য উইং কমান্ডার আবদুর রশিদ ও অ্যাক্টিং কমান্ডার সিদ্দিক আহমেদ। আগামী ১৮ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্টদের এসব বিষয় জানাতে বলা হয়েছে।আদেশের ব্যাপারে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান প্রথম আলোকে বলেন, আদালত মেজর জেনারেল নুরুল ইসলামসহ ১৯৭৫ সালের নভেম্বর থেকে ’৭৬ সালের আগস্ট পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় জড়িত সেনাসদস্যদের নাম-ঠিকানা ও অবস্থান ১৮ জানুয়ারির মধ্যে জানাতে বলেছেন। ট্রাইব্যুনালের সদস্যদের অবস্থানও জানাতে বলা হয়েছে। ইতিমধ্যে সংশ্লিষ্টদের বিষয়টি জানানো হয়েছে। এদিন হাইকোর্টে স্বেচ্ছায় বক্তব্য দেন কর্নেল তাহেরের সঙ্গে গোপন বিচারের মুখোমুখি হওয়া আওয়ামী লীগের নেতা মাহমুদুর রহমান মান্না, সার্জেন্ট (অব.) সৈয়দ রফিকুল ইসলাম বীর প্রতীক। এ ছাড়া জাসদের সভাপতি হাসানুল হক ইনু আদালতের অনুমতি নিয়ে কিছু বক্তব্য পেশ করেন। শুনানিতে মাহমুদুর রহমান বলেন, বিচারের নামে ফাঁসি দিয়ে কর্নেল তাহেরকে হত্যা করা হয়েছে। তিনি যে অপবাদ নিয়ে মারা গেছেন, তা কারও কাম্য ছিল না। এ পর্যায়ে আদালত ওই ঘটনার জন্য কাকে প্রধান হিসেবে দায়ী করবেন, জানতে চাইলে মাহমুদুর রহমান বলেন, এ ঘটনায় দায়ী ব্যক্তিদের তালিকায় প্রথমে থাকবে জিয়াউর রহমানের নাম। আবু সাদত মো. সায়েমও দায়ী। তিনি দায়ী ব্যক্তিদের মরণোত্তর বিচার দাবি করেন। আদালত বলেন, ‘আমাদের আইনে মরণোত্তর বিচারের সুযোগ নেই।’মাহমুদুর রহমান বলেন, ‘আমাদের জানানো হয়নি, কী আমাদের অপরাধ? শুধু বলা হয়েছিল, আমরা রাষ্ট্রদ্রোহী। কয়েকজন রাজসাক্ষী সাক্ষ্য দিয়েছিলেন। তাহেরের সঙ্গে মেজর জলিলেরও ফাঁসি হয়। কিন্তু মুক্তিযুদ্ধে জলিলের ভূমিকার কথা বিবেচনা করে তাঁর দণ্ড কমিয়ে আজীবন কারাদণ্ড দেওয়া হয়। কর্নেল তাহেরও ছিলেন একজন পঙ্গু মুক্তিযোদ্ধা।’ হাসানুল হক বলেন, কর্নেল তাহেরের গোপন বিচারের সব নথি উদ্দেশ্যমূলকভাবে ধ্বংস করা হয়েছে। এ নথি ধ্বংসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। বিচারের নামে তাহেরকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। তাহেরের খুনিদের রক্ষা করতেই সব নথি ধ্বংস করা হয়েছে। হাসানুল হক আরও বলেন, সামরিক শাসন জারির সময় সামরিক বাহিনীর ফরমেশন কমান্ডারদের ঘন ঘন বৈঠক হয়। ওই বৈঠকে সেনাবাহিনীর অনেক গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে আমন্ত্রণ জানানো হয়। বৈঠকে এ গোপন বিচার নিয়ে আলোচনা হয়। কর্নেল তাহের ও মেজর জলিলকে ফাঁসি দেওয়ার সিদ্ধান্ত হয়। তখন মেজর জেনারেল মঞ্জুর কর্নেল তাহেরের ফাঁসির বিরোধিতা করে বলেছিলেন, মুক্তিযোদ্ধা হিসেবে তাহেরকে ফাঁসি দেওয়া উচিত হবে না। এতে মুক্তিযোদ্ধাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেবে। এ নিয়ে বৈঠকে জেনারেল জিয়ার সঙ্গে মঞ্জুর তর্কবিতর্ক হয়। রফিকুল ইসলাম বলেন, ‘আমি রাজনীতিবিদ বা রাজনীতির সঙ্গে যুক্ত নই। আমার অপরাধ ছিল, তাহেরের সঙ্গে আমার বন্ধুত্ব ছিল। তাহেরের সঙ্গে জিয়ার আদর্শগত মিল ছিল না। এ কারণে তাহেরকে হত্যা করা হয়।