‘লক্ষ্মীপুর পৌরসভার সরকারি দল-সমর্থিত মেয়র পদপ্রার্থী আবু তাহের সন্ত্রাসের গডফাদার। নির্বাচনকে সামনে রেখে তিনি অস্ত্রধারী ভাড়াটে সন্ত্রাসী এনে শহরে মহড়া দিচ্ছেন। প্রশাসনেও তিনি প্রভাব বিস্তার করছেন। সাধারণ ভোটারদের হুমকি-ধমকি দিচ্ছেন। এ অবস্থায় প্রশাসন নিরাপত্তা না দিলে আমরা নির্বাচন বর্জন করব।’ গত রোববার আরও দুই মেয়র পদপ্রার্থীর সঙ্গে সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলেছিলেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আ ন ম ফজলুল করিম। মাত্র ২৪ ঘণ্টার ব্যাবধানে গতকাল সোমবার সুর পাল্টে আবু তাহেরকে সমর্থন জানালেন তিনি। আবু তাহেরকে জয়ী করতে সবার কাছে ভোটও চেয়েছেন। আজ এই পৌরসভায় ভোট গ্রহণ। গতকাল সোমবার লক্ষ্মীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ফজলুল করিম বলেন, ‘আমি ৪০ বছর ধরে আওয়ামী লীগের রাজনীতি করছি। মনোনয়ন না পেয়ে ক্ষুব্ধ হয়ে প্রার্থী হই। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং লক্ষ্মীপুরের উন্নয়নের স্বার্থে আমি আবু তাহেরকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি।’ তিনি আবু তাহেরকে নির্বাচিত করার জন্যও ভোটারদের প্রতি আহ্বান জানান।বিকেল চারটায় একটি হোটেল থেকে ফজলুল করিমকে সঙ্গে করে সংবাদ সম্মেলনে হাজির হন আবু তাহের। এরপর তাহেরের লোকজন সংবাদ সম্মেলনের মূল বক্তব্য ফজলুল করিমকে পড়ে শোনান এবং তাঁর স্বাক্ষর নেন। পরে ফজলুল করিম বিমর্ষ মুখে তা পড়তে থাকেন। এক মিনিটেই শেষ হয় সংবাদ সম্মেলন। সাংবাদিকদের কোনো প্রশ্ন করার সুযোগ না দিয়ে আবু তাহের দ্রুত ফজলুল করিমকে নিয়ে বের হয়ে যান। পরে ৩০০-৪০০ কর্মী নিয়ে শহরের উত্তর তেমুহনী থেকে চকবাজার হয়ে আবু তাহেরের পিংকি প্লাজা পর্যন্ত একটি মহড়ার মতো দেন তাহের। পরে তাহের ফজলুলকে তাঁর বাসায় নিয়ে যান।গতকাল দুপুরে মাইক্রোবাসে চাঁদপুর থেকে লক্ষ্মীপুরে যাওয়ার পথে গাড়িচালকের সহকারীর মুঠোফোনে ফোন এল। তাঁকে কেউ একজন জানালেন, ফজলুল করিম তাহেরের সঙ্গে মিলে গেছেন। ফোন রেখে বললেন, ‘কেউ তাহেরের বিরুদ্ধে যাওয়ার সাহস করে না।’ তবে গাড়ির চালক বিএনপির সমর্থক। তিনি বললেন, লক্ষ্মীপুরের লোকজন কোনোভাবেই এবার তাহেরকে ভোট দেবে না। সঙ্গে সঙ্গে সহকারীর উত্তর, ‘ভোট যে-ই পাক তাহেরই মেয়র হবে।’ পৌর নির্বাচন নিয়ে যেখানে প্রতিটি এলাকায় উৎসবের আমেজ সেখানে লক্ষ্মীপুরে সবার মধ্যে আতঙ্ক। শহরে সেনা টহলও তাদের সেই আতঙ্ক খুব বেশি কমাতে পারেনি। পুরো শহরেই একটা গুমোট ভাব।দলের সূত্র জানায়, শনিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত আহমদ হোসেন স্থানীয় নেতাদের নিয়ে লক্ষ্মীপুরে বৈঠকে বসেন। বৈঠকে তিনি ফজলুল করিমকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অনুরোধ জানান। কিন্তু ফজলুল করিম তাতে রাজি হননি। তাঁর ব্যাখ্যা, এ মুহূর্তে সরে দাঁঁড়ালে তাঁর নেতা-কর্মীরা বিষয়টি মেনে নেবে না। শেষমেশ আহমদ হোসেন আবু তাহেরকে জয়ী করে আনতে নেতা-কর্মীদের নির্দেশ দেন।এরপর অন্য দুই প্রার্থীর সঙ্গে শনিবার সংবাদ সম্মেলন করে তাহেরকে সন্ত্রাসের গডফাদার আখ্যা দিয়ে প্রতি কেন্দ্রে ম্যাজিস্ট্রেট ও সেনা মোতায়েনের দাবি জানান। তিন প্রার্থীর সংবাদ সম্মেলনে মূলত তিনিই বক্তব্য দেন। তাঁর কর্মীরা বলেন, মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে অবস্থান থেকে সরে দাঁড়াতে বাধ্য হলেন ফজলুল করিম। লক্ষ্মীপুরে আবু তাহেরের মতো একজন বিতর্কিত প্রার্থীকে কেন মনোনয়ন দেওয়া হলো জানতে চাইলে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘তাহের এলাকায় জনপ্রিয় নেতা। সে কারণেই তাঁকে সমর্থন দেওয়া হয়েছে।’ নাম প্রকাশে অনিচ্ছুক শহর আওয়ামী লীগের একজন নেতা প্রথম আলোকে জানান, লক্ষ্মীপুরে আবু তাহের এবং কেন্দ্র থেকে আওয়ামী লীগের অব্যাহত চাপের কারণে ফজলুল করিম সরে যেতে বাধ্য হন।নির্বাচনী পরিবেশ সম্পর্কে জানতে চাইলে আবু তাহের গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘আমি ২২ মাস পৌর চেয়ারম্যান থেকে লক্ষ্মীপুর শহরের যে উন্নয়ন করেছিলাম গত ৩০ বছরেও তা হয়নি। কাজেই এলাকার লোকজন আমাকেই ভোট দিয়ে নির্বাচিত করবে।’ ফজলুল করিম সরে যাওয়ায় তাঁর জয়ের সম্ভাবনা বেড়েছে বলে মনে করেন কি না জানতে চাইলে তাহের বলেন, ‘কেউ সরে গেলেই কি জয়ের সম্ভাবনা বাড়ে? তবে এর ফলে দলে যে সামান্য বিভক্তি ছিল সেটি দূর হয়েছে।’ ফজলুল করিম সরে গেলেও এখনো আওয়ামী লীগ-সমর্থিত সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের লক্ষ্মীপুর জেলা আহ্বায়ক এবং জেলা আওয়ামী লীগের সদস্য জাকির হোসেন নির্বাচন করছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘কে সরে দাঁড়াল, কে থাকল তাতে কিছু যায় আসে না। আমি প্রার্থী হয়েছি। নির্বাচন করব।’ আর বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী হাসানুজ্জামান চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘অস্ত্রধারী সন্ত্রাসী ও সরকারি দলের প্রভাব খাটিয়ে জয় ছিনিয়ে নেওয়ার পাঁয়তারা করছেন তাহের। কাজেই সুষ্ঠু নির্বাচন নিয়েই শঙ্কা আছে। শেষ মুহূর্তে একজন গুরুত্বপূর্ণ প্রার্থীর সরে যাওয়ায় সেই শঙ্কা আরও বাড়ল।’ তিনি বলেন, ‘যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে অবশ্যই আমি জয়ী হব। কারণ, এটি বিএনপি-অধ্যুষিত এলাকা। আর আমি পাঁচ বছর পৌর চেয়ারম্যান থেকে এলাকার ব্যাপক উন্নয়ন করেছি।’১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তাহের লক্ষ্মীপুরজুড়ে ক্যাডার বাহিনী গড়ে তোলেন। এসব বাহিনীর নিয়ন্ত্রণ করতেন তাঁর বড় ছেলে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ফেরারি এ এইচ এম বিপ্লব। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে ১৯৯৮ সালে লক্ষ্মীপুর পৌরসভায় যে নির্বাচন হয় তাতে কোনো প্রার্থী মনোনয়নপত্রই জমা দিতে পারেননি। হাসানুজ্জামান চৌধুরী এবং ফজলুল করিম দুজনেই সেই নির্বাচনে এলাকা ছাড়া ছিলেন। এবারও সুষ্ঠু নির্বাচন নিয়ে লক্ষ্মীপুরের অনেকেরই আশঙ্কা আছে। তবে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম মোস্তফা বলেন, ‘নির্বাচন সুষ্ঠু করতে প্রশাসনের সব প্রস্তুতি আছে। সেনাবাহিনী-র্যাব ও পুলিশ মোতায়েন থাকবে। ভ্রাম্যমাণ আদালত ও স্ট্রাইকিং ফোর্সও থাকবে। কাজেই সুষ্ঠু নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই।’সর্বশেষ: রাত ১০টার দিকে শহরের লামছড়ি এলাকার আজিজিয়া মাদ্রাসাকেন্দ্রের সামনে একটি বোমা বিস্ফোরিত হয়। এ ঘটনায় রাজন নামে এক যুবক আহত হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার। ঘটনার পর রাত সাড়ে ১০টার দিকে লক্ষ্মীপুর সদর আসনের বিএনপিদলীয় সাংসদ শহীদউদ্দিন চৌধুরী তাঁর বাসায় সাংবাদিকদের ডেকে অভিযোগ করেন, শহরের বিভিন্ন স্থানে বিএনপির প্রার্থীর নির্বাচনী এজেন্টদের আবু তাহেরের লোকজন ধরে নিয়ে যাচ্ছে। তারা লামছড়ি ও লাহারকান্দি এলাকায় বোমা হামলা চালিয়ে আতঙ্ক ছড়াচ্ছে। তিনি এসব ঘটনা জেলা প্রশাসককেও জানিয়েছেন বলে জানান। সদর থানার ওসি প্রথম আলোকে জানান, উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে পুলিশ।এদিকে গতকাল বিকেলে তাহেরের সমর্থনে দলীয় বিদ্রোহী প্রার্থী ফজলুল করিম যে সংবাদ সম্মেলন করেছেন, সেই ছবি পোস্টার করে রাতে শহরের সাঁটা ও বিলি করা হয়েছে।