তাৎক্ষণিক বদলির দুই সপ্তাহ পরও স্বপদে বহাল
সাতক্ষীরা সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলামকে দুই সপ্তাহ আগে স্ট্যান্ড রিলিজের (তাৎক্ষণিক) বদলি করা হলেও তিনি স্বপদে থেকে বিদ্যালয়ের কাজ করে যাচ্ছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২১ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এক চিঠিতে আমিনুল ইসলামকে গোপালগঞ্জের বীণাপাণি সরকারি বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে তাৎক্ষণিক বদলি করা হয়। কিন্তু এখন পর্যন্ত তিনি সাতক্ষীরা সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে বহাল থেকে কাজ চালিয়ে যাচ্ছেন।আমিনুল ইসলাম বলেন, তিনি সরকারিভাবে গতকাল বুধবার পর্যন্ত কোনো বদলির আদেশ পাননি। তাই তাঁকে বদলি করা হয়েছে কি না, জানেন না।বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাতক্ষীরা জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মুকেশ চন্দ্র বিশ্বাস জানান, আমিনুল ইসলাম বদলির আদেশ স্থগিত করার জন্য সংশ্লিষ্ট অধিপ্তরের একটি আবেদন পাঠিয়েছেন। গতকাল বুধবার পর্যন্ত এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত না আসায় কিছু করা যাচ্ছে না।