তাৎক্ষণিক বিদ্যুৎ-সংযোগ পেলেন মঠবাড়িয়ার ৮০ গ্রাহক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতির ‘স্পট মিটারিং কার্যক্রম’ শুরু হয়েছে। এ কার্যক্রমের ফলে একজন গ্রাহক মিটারের জন্য আবেদনের পর তাৎক্ষণিকভাবেই মিটার ও বিদ্যুৎ-সংযোগ পাচ্ছেন।

আজ সোমবার সকালে উপজেলার তুষখালী এলাকায় এ কার্যক্রমের আওতায় ৮০ জন গ্রাহক মিটার পেয়েছেন।

পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির মঠবাড়িয়া আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) গোলাম সরোয়ার মোর্শেদ প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি ‘স্পট মিটারিং কার্যক্রম’ শুরু করেছে। আজকে মঠবাড়িয়া আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তারা তুষখালী এলাকায় যান। সেখানে সরাসরি গ্রাহকদের কাছ থেকে মিটারের আবেদন নেন তাঁরা। তাৎক্ষণিক যাচাই-বাছাই করে ৮০ জনকে মিটার দিয়ে ঘরে বিদ্যুৎ-সংযোগ দিয়েছেন। আমরা এ কার্যক্রম চালিয়ে যাব। আগামীকাল মঙ্গলবার উপজেলার ধানীসাফা এলাকায় স্পট মিটারিং কার্যক্রম পরিচালনা করা হবে।’

তুষখালী গ্রামের মিরাজ মিয়া বলেন, ‘আগে মিটারের জন্য মঠবাড়িয়া গিয়ে আবেদন করতে হতো। মাসের পর মাস অপেক্ষা করতে হতো। কখনো কখনো মিটার পেতে এক থেকে দুই বছরও লেগে যেত। তবে আজকে মিটারের জন্য আবেদন করে কয়েক ঘণ্টার মধ্যে বিদ্যুৎ-সংযোগ পেয়েছি।’

তুষখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহজাহান হাওলাদার বলেন, পল্লী বিদ্যুৎ সমিতির স্পট মিটারিং কার্যক্রমের ফলে এখন মানুষ আবেদনের পরই মিটার পাচ্ছে। এর ফলে বিদ্যুৎ-সংযোগ পেতে গ্রাহকদের ভোগান্তি কমেছে। দুর্নীতিও কমে যাবে।