তাৎক্ষণিকভাবে চাকরি দেবে পাঁচ থেকে দশটি প্রতিষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৭ ও ৮ জুন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বসুন্ধরা ক্যাম্পাসে অনুষ্ঠেয় অষ্টম জাতীয় ক্যারিয়ার মেলায় পাঁচ থেকে দশটি প্রতিষ্ঠান যোগ্য প্রার্থীদের তাৎক্ষণিকভাবে চাকরি দেবে। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ও প্রফেশনাল ডেভেলপমেন্ট সার্ভিসেসের (সিপিডিএস) পরিচালক অধ্যাপক খসরু মিয়া এ কথা বলেন। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সিপিডিএস এ মেলার আয়োজক। ৭ জুন সকালে বিশ্ববিদ্যালয়ের কনভোকেশন প্লাজায় মেলার উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সবার জন্য উন্মুক্ত এ মেলা সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে। বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, ‘দেশে আড়াই লক্ষাধিক বিদেশি পেশাজীবী বিভিন্ন দেশীয় প্রতিষ্ঠানে কর্মরত। অথচ দেশে লাখ লাখ শিক্ষিত বেকার তরুণ-তরুণী রয়েছেন। এ জন্য আমাদের শিক্ষাব্যবস্থার মাত্রাতিরিক্ত ফলাফলকেন্দ্রিকতা দায়ী।’ সংবাদ সম্মেলনে প্রথম আলো জবসের হেড অব অপারেশনস হোমায়রা শারমিন বলেন, এ মেলা যাঁরা নতুন বা ভালো চাকরিপ্রত্যাশী, চাকরির ক্ষেত্র পরিবর্তন কিংবা পেশা-সম্পর্কিত পরামর্শ চান, তাঁদের সবার জন্য। তিনি বলেন, প্রথম আলো জবস নিয়োগপ্রত্যাশীদের যথাযথ মান উন্নয়নে প্রতি মাসে ক্যারিয়ার ক্লিনিক, প্রশিক্ষণসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে। এসব কার্যক্রমে দেশি-বিদেশি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা প্রশিক্ষণ দিয়ে থাকেন। রবির মহাব্যবস্থাপক শারমিন সুলতান বলেন, এ মেলার মধ্য দিয়ে নিয়োগকর্তা ও নিয়োগপ্রার্থীরা একে অন্যের চাহিদা ও মানসিকতা বুঝতে পারবেন। শিগগিরই প্রথম আলো জবসের সঙ্গে যৌথভাবে দেশব্যাপী এ ধরনের একটি মেলা করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। মেলার প্রধান স্পনসর রবি এক্সিয়াটা এবং সহযোগী স্পনসর প্রথম আলো জবস, স্কয়ার, এমজিএইচ ও সুপার স্টার। মেলায় বিশেষজ্ঞ পেশাজীবীরা পেশা ও চাকরি-সম্পর্কিত ৫০টি সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করবেন। এ ছাড়া ৩০টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রথম সারির ৩০টি বহুজাতিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের সমন্বয়ে একটি বিশেষ অধিবেশন থাকবে। প্রথম আলো জবসের বিশেষ আয়োজন ক্যারিয়ার ক্লিনিক অনুষ্ঠিত হবে ৮ জুন দুপুর একটা থেকে দুইটা পর্যন্ত।

মেলার বিস্তারিত জানা যাবে www.prothom-alojobs.com ওয়েবসাইটে।