তাড়াইল উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাত উদ্দিন আহম্মেদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের সব চেয়ারম্যান এবং উপজেলা পরিষদের দুজন ভাইস চেয়ারম্যান। ৬ ডিসেম্বর ঢাকা বিভাগীয় কমিশনার বরাবর তাঁরা উপজেলা পরিষদের চেয়ারম্যানের অপসারণ চেয়ে লিখিত অভিযোগ করেন।অভিযোগে বলা হয়, উপজেলা পরিষদের চেয়ারম্যান ঢাকায় থাকেন। তিনি উপজেলা পরিষদের সভায় নিয়মিত উপস্থিত থাকেন না। উপজেলা পরিষদের সরকারি গাড়িটি ব্যক্তিগতভাবে ব্যবহার করে আসছেন। টেস্ট রিলিফ (টিআর) ও কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচির মালামালের ছাড়পত্র (ডিও) প্রদানের জন্য টনপ্রতি দুই হাজার টাকা উৎকোচ নেন। উপজেলা পরিষদের গাড়িচালক নিয়োগের ক্ষেত্রে তিনি এককভাবে ক্ষমতার অপব্যবহার করেন। তাঁর অন্যায় আবদার ইউপি চেয়ারম্যানরা মেটাতে না পারায় ২০১১-২০১২ অর্থবছরে কাবিখার ১২০ মেট্রিকটন মালামাল ফেরত গেছে।তাড়াইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আবুল কাসেম খান বলেন, ‘উপজেলা চেয়ারম্যানের অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দিয়েছি।’ একই ধরনের কথা বলেন দামিহা ইউপির চেয়ারম্যান এ কে মাইনুজ্জামান, ধলা ইউপির চেয়ারম্যান মো. আসাদুজ্জামানসহ অন্য চেয়ারম্যানরা।এ ব্যাপারে উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাত উদ্দিন আহম্মেদ সাংবাদিকদের বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। একটি চক্র আমার মানসম্মান ক্ষুণ্ন করার অপচেষ্টা করছে।’