তাড়াইল ও নবীনগরে দুই নারীকে হত্যার অভিযোগ
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় গতকাল শনিবার এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। একই দিন শেরপুরের নকলা উপজেলায় এক পোশাকশ্রমিকের ও ময়মনসিংহে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় গত বুধবার এক নারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে।ঢাকার বাইরে প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:তাড়াইল (কিশোরগঞ্জ): উপজেলার রতনপুর গ্রাম থেকে গতকাল মারুফা আক্তারের (২০) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মারুফাকে হত্যার অভিযোগে তাঁর ভাই রফিকুল ইসলাম ও ভাবি হিমা আক্তারকে আটক করেছে পুলিশ। নিহতের মা সাফিয়া আক্তার বলেন, ‘ছেড়ার বউ আর ছেড়া মিল্ল্যা আমার মেয়েডারে জবাই কইর্যা মারছে।’ মারুফার স্বামী আতাকুল মিয়া বলেন, ‘আমি মারুফার হত্যাকারীদের বিচার চাই।’ তাড়াইল থানার ওসি বজলুর রহমান বলেন, পারিবারিক কোন্দলে মারুফা খুন হয়ে থাকতে পারেন। তাঁর ভাই-ভাবিকে আটক করা হয়েছে। শেরপুর: সকালে নকলা উপজেলার সোনালী ব্যাংকের পেছনের পুকুরপাড়ে পোশাকশ্রমিক রাইসুল আলমের লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। রাইসুল উপজেলার কৈয়াকুড়ি গ্রামের শামছুল হকের ছেলে। নকলা থানার ওসি ফছিউর রহমান বলেন, রাইসুলের মরদেহে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। তবে মুখ মাটি দিয়ে ভরা ছিল। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাঁকে শ্বাসরোধে হত্যা করে ওই পুকুরপাড়ে ফেলে রাখে। ময়মনসিংহ: সকালে শহরের নয়াপাড়ায় খালে হাত-পা বাঁধা অবস্থায় একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে। কোতোয়ালি মডেল থানার ওসি আবু মো. ফজলুল করিম জানান, লাশটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): উপজেলার ভোলাচং গ্রামে বুধবার মনিকা ঢালি (২০) নামের এক নববধূকে শ্বশুর বাড়ির লোকজন শ্বাসরোধে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে গলায় ফাঁস লাগিয়ে মনিকা আত্মহত্যা করেছেন বলে দাবি শ্বশুরবাড়ির লোকজনের। খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার তাঁর লাশ উদ্ধার করে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে মেয়ের জামাই সুখেন বিশ্বাসকে প্রধান আসামি করে এবং আরও চারজনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা করেন নিহতের বাবা হেমন্ত ঢালি। শুক্রবার সুখেন ও তাঁর বড় ভাই উদীচীর নবীনগর শাখার সদস্য উপেন বিশ্বাসকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ। তবে উপেনকে গ্রেপ্তারের ঘটনায় নিন্দা জানিয়েছে উদীচীর নবীনগর শাখা। থানার এসআই শাহ আলম বলেন, পুলিশ এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে। তবে এটি হত্যা না আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বোঝা যাবে।