তাড়াইল-নান্দাইল যেন প্রশিক্ষণ সড়ক
কিশোরগঞ্জের তাড়াইল বাসস্টেশন থেকে ময়মনসিংহের নান্দাইল চৌরাস্তা পর্যন্ত ১৬ কিলোমিটার সড়ক যেন বাসচালকের সহকারীদের (হেলপার-কন্ডাক্টর) গাড়ি চালনার প্রশিক্ষণ এলাকায় পরিণত হয়েছে। এ রাস্তায় প্রায়ই বাসচালক নিজে গাড়ি না চালিয়ে তাঁর সহকারীদের দিয়ে কাজটি করান। এতে সড়ক দুর্ঘটনায় অনেক প্রাণহানি হচ্ছে। সম্প্রতি ওই সড়কে বড় ধরণের একটি দুর্ঘটনার পর বাসযাত্রীরা এসব অভিযোগ তুলেছেন। জানা গেছে, ২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত তাড়াইলের শিমুলআটি এলাকায় এক কিলোমিটার রাস্তার মধ্যে চারটি বাস দুর্ঘটনার কবলে পড়ে। এতে ১৯ জন নিহত ও শতাধিক আহত হন। হতাহতের কারণ হিসেবে চালকের সহকারীদের গাড়ি চালানোকে দায়ী করেছে সচেতন মহল। গত ২৯ ডিসেম্বর শিমুলআটি এলাকায় সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত হন। পরের দিন স্থানীয় সাংসদ (তাড়াইল-করিমগঞ্জ) মুজিবুল হক, তাড়াইলের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইউসুফ আলী, কিশোরগঞ্জ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মো. শাজাহান লস্করসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এক মতবিনিময় সভায় বিষয়টি উত্থাপন করা হয়। সভায় বৈধ চালক ব্যতীত অন্য কাউকে দিয়ে গাড়ি না চালানোর সিদ্ধান্ত হয়। অনুসন্ধানে জানা গেছে, ২০০৩ সালের ২১ অক্টোবর তাড়াইল-কিশোরগঞ্জ রাস্তায় চলাচলকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত ও ৩০ জন আহত হন। দুর্ঘটনার সময় ওই গাড়িতে ছিলেন তাড়াইল মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের প্রভাষক কাবেরী পাল। তিনি বলেন, ‘গাড়ির চালক নিজে গাড়ি না চালিয়ে তাঁর ছেলেকে (হেলপার) দিয়ে গাড়ি চালাচ্ছিলেন।’ ২০০৬ সালের ৩০ এপ্রিল তাড়াইল থেকে ঢাকাগামী একটি বাস শিমুলআটি গ্রামের কাছে এসে নিয়ন্ত্রণ হারায়। বাসটি রাস্তাসংলগ্ন বজলু মিয়ার বাড়িতে ঢুকে পড়লে কমপক্ষে ২৫ জন আহত হয়। ওই গাড়ির যাত্রী শিমুলআটি গ্রামের মুসলেম, তাড়াইল সদরের ফাইজুলসহ কয়েকজন জানিয়েছেন, গাড়িটি একজন হেলপার চালাচ্ছিলেন। ২০০৭ সালের ১৯ আগস্ট ঢাকাগামী একটি বাস শিমুলআটি সেতুর পূর্ব পাশে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে তিনজন নিহত এবং ২৫ জন আহত হন। ওই গাড়িটিও একজন হেলপার চালাচ্ছিলেন। সর্বশেষ গত বছরের ২৯ ডিসেম্বর ঢাকা থেকে তাড়াইলগামী একটি বাস শিমুলআটি সেতুর পূর্ব পাশে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে ১৫ জন নিহত ও ২৭ জন আহত হয়। দুর্ঘটনায় নিহত চালক বুলবুলের (বাড়ি হোসেনপুর উপজেলায়) গাড়ি চালনার বৈধ কোনো লাইসেন্স ছিল কি না এ নিয়ে বাসশ্রমিকদের মধ্যে মতভেদ রয়েছে। তাড়াইলের ধলা গ্রামের বাসিন্দা রুবেল চৌধুরী অভিযোগ করেন, ১৪-১৫ দিন আগে পরিবার-পরিজনসহ তাড়াইল থেকে ঢাকা যাওয়ার পথে তাড়াইল বাসস্টেশন থেকে চালকের সহকারী গাড়ি চালাচ্ছিলেন। চালক পাশের সিটে বসে তাঁর সহকারীকে দিকনির্দেশনা দিচ্ছিলেন। সাচাইল গ্রামের বাসিন্দা মো. মাজাহারুল হক বলেন, ‘তাড়াইল থেকে নান্দাইল চৌরাস্তা পর্যন্ত সড়কটি যেন হেলপার-কন্ডাক্টারদের গাড়ি চালানো শেখার এলাকা।’ উপজেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আবদুস সালাম বলেন, ‘এ ধরনের একাধিক অভিযোগ পাওয়ার পর সব চালক, হেলপার ও কন্ডাক্টরকে সাবধান করা হয়েছে।’ কিশোরগঞ্জ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মো. শাজাহান লস্কর বলেন, ‘শাস্তির বিধানের কথা জানিয়ে সব গাড়ির মালিক, চালক, হেলপার, কন্ডাক্টরকে চিঠি দেওয়া হয়েছে।’ তাড়াইলের ইউএনও মো. ইউসুফ আলী বলেন, ‘ওই সড়কে হেলপার-কন্ডাক্টরদের গাড়ি চালানোর বিষয়ে সাংসদের উপস্থিতিতে কথা হয়েছে।’