তাড়াইলে ইউপি সদস্য খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মফিজ উদ্দিন (৫০) গত শনিবার রাতে খুন হয়েছেন। তিনি উপজেলার সেচুয়াকান্দি গ্রামের বাসিন্দা। খবর পেয়ে কিশোরগঞ্জের পুলিশ সুপার মীর রেজাউল আলম, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহেন শাহ্ মাহমুদ, তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। মফিজের লাশ ময়নাতদন্তের জন্য গতকাল রোববার কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গতকাল ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মফিজ উদ্দিনের বাড়ির অদূরে মানিকবন্দ হাওরের দক্ষিণ দিকে ডোবা ঘেঁষে তাঁর লাশ পড়ে রয়েছে। তাঁর মুখমণ্ডল আঘাতে রক্তাক্ত ও গলায় কালো দাগ রয়েছে। মফিজ উদ্দিনের স্ত্রী রেহেনা আক্তার (৪০) বলেন, ‘শনিবার রাতের খাবার খাওয়ার পর মফিজের মুঠোফোনে একটি কল আসে। দরবারের কথা বলে তিনি ঘর থেকে বের হন। আর ফেরেননি। সকালে আশপাশের লোকজনের মাধ্যমে জানতে পারি, তিনি খুন হয়েছেন।’ মফিজের মা আমেনা বেগম (৭০) একই গ্রামের কয়েকজনের নাম উল্লেখ করে প্রথম আলোকে বলেন, ‘এরা আমার পুতেরে ডাইক্যা নিয়া মাইরা ফালাইছে। আমি এরার বিচার চাই।’ যোগাযোগ করলে তাড়াইল থানার ওসি গতকাল দুপুরে জানান, থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘাতকদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।