প্রকল্প বাস্তবায়ন না করেই কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় স্থানীয় সরকার সহায়তা প্রকল্পের (এলজিএসপি-২) ৭২ লাখ টাকা তুলে নেওয়া হয়েছে। কোথাও আংশিক, আবার কোথাও প্রকল্পের কোন কাজ না করেই উপজেলার সাতটি ইউনিয়নের বিপরীতে বরাদ্দ করা এ অর্থ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যরা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গ্রামীণ অবকাঠামো নির্মাণের জন্য বিশ্বব্যাংকের সহায়তায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন ২০১১-১২ অর্থবছরে তাড়াইল উপজেলার সাতটি ইউনিয়নের জন্য এলজিএসপি-২ প্রকল্পের ৭২ লাখ তিন হাজার ৬০০ টাকা বরাদ্দ আসে। চলতি বছরের ৩০ জুনের মধ্যে প্রকল্পের বিপরীতে বরাদ্দ করার টাকা ব্যয় করার কথা ছিল।সরেজমিন ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাউতি ইউনিয়নের পাড়াবানাইল গ্রামের একটি রাস্তা সংস্কারের জন্য এক লাখ ৫০ হাজার টাকা, একটি পুকুরপাড়ের প্রতিরক্ষাদেয়াল নির্মাণের জন্য ৫০ হাজার টাকার প্রকল্প গ্রহণ করা হয়। এসব প্রকল্পের কোনো কাজই করা হয়নি। ইউনিয়নের তথ্যসেবা কেন্দ্রের জন্য যন্ত্রাংশ কেনার জন্য দুই লাখ টাকার প্রকল্প গ্রহণ করা হয়। কিন্তু কোনো যন্ত্রাংশই কেনা হয়নি। ধলা ইউনিয়নের ভৈয়ারকোনা ডিসি সড়ক সংস্কারের জন্য এক লাখ টাকা, ইউনিয়নের বিভিন্ন রাস্তায় এক ফুট ব্যাসের রিং পাইপ স্থাপনের জন্য এক লাখ ৬০ হাজার টাকার প্রকল্প গ্রহণ করা হয়। কিন্তু কোনো প্রকল্পই বাস্তবায়ন করা হয়নি। জাওয়ার ইউনিয়নে একটি নালা নির্মাণের জন্য ২৫ হাজার টাকা, বিভিন্ন সড়কে এক ফুট ব্যাসের রিং পাইপ স্থাপনের জন্য ৯৫ হাজার টাকা, পূর্ব জাওয়ার গ্রামে দরিদ্র পরিবারের মধ্যে পাকা পায়খানা বিতরণের জন্য ৪৫ হাজার টাকা ও ইউনিয়নের তথ্যসেবা কেন্দ্রের জন্য যন্ত্রাংশ কেনার জন্য এক লাখ ১০ হাজার টাকার প্রকল্প গ্রহণ করা হলেও প্রকল্পগুলো বাস্তবায়ন করা হয়নি।দিগদাইড় ইউনিয়নের লক্ষ্মীপুর করাতি সড়কে গাছ লাগানোর জন্য ৮০ হাজার টাকা, কল্লা দক্ষিণনগর রাস্তায় একই কাজের জন্য আরও ৯০ হাজার টাকার প্রকল্প গ্রহণ করা হয়। সেখানে নামমাত্র কিছু গাছের চারা লাগানো হয়েছে। তালজাঙ্গা ইউনিয়নের বিভিন্ন রাস্তা সংস্কারের জন্য ৯৭ হাজার টাকা, তথ্যসেবা কেন্দ্রের যন্ত্রাংশ ক্রয়ের জন্য দুই লাখ টাকার প্রকল্পেরও কোনো কাজ হয়নি। একইভাবে দামিহা ইউনিয়নের নয়টির মধ্যে কয়েকটি প্রকল্পের আংশিক কাজ করে পুরো টাকা তুলে নেওয়া হয়েছে। তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের ১, ৫, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আসবাবপত্র ও বৈদ্যুতিক সরঞ্জাম সরবরাহের জন্য দুই লাখ ৫৫ হাজার টাকার প্রকল্প গ্রহণ করা হয়। কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে নামমাত্র কিছু আসবাবপত্র সরবরাহ করে পুরো টাকা আত্মসাৎ করা হয়েছে। যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট ইউপির চেয়ারম্যানরা অভিযোগ অস্বীকার করে বলেন, প্রকল্পের শতভাগ কাজ বাস্তবায়ন করা হয়েছে। কোনো অনিয়ম হয়নি। প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যসচিব তাড়াইল উপজেলা প্রকৌশলী মো. আজিজুর রহমান জানান, প্রকল্প বাস্তবায়ন করেছে ইউনিয়ন পরিষদ। এ বিষয়ে তাদের সঙ্গে কোনো পরামর্শও করা হয়নি।কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া জামান বলেন, এ প্রকল্পের অর্থ সরাসরি মন্ত্রণালয় থেকে ইউপি চেয়ারম্যানদের ব্যাংক হিসাবে পাঠানো হয়ে থাকে। চেয়ারম্যানরাই প্রকল্প বাস্তবায়ন করে ব্যাংক থেকে টাকা উত্তোলন করেন। তাই এ ক্ষেত্রে প্রশাসনের করার কিছু থাকে না। তবে অনিয়ম হয়ে থাকলে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।