কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচির অনুমোদনে টালবাহানার অভিযোগে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে গতকাল বুধবার বিক্ষোভ হয়েছে। উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, সদস্য, শ্রমিকসহ পাঁচ শতাধিক লোক এই বিক্ষোভে অংশ নেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে সঞ্চারকলিপি দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১১-১২ অর্থবছরে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে কাবিখার ১১২ মেট্রিক টন চাল-গম বরাদ্দ আসে। উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাত উদ্দিন আহম্মেদের এই প্রকল্প অনুমোদন দেওয়ার কথা। কিন্তু তিনি টালবাহানা করছেন। গত মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে সমন্বয় সভায় তাঁর সঙ্গে বাগিবতণ্ডার একপর্যায়ে সাতজন ইউপি চেয়ারম্যান সভা বর্জন করেন। সদর ইউপির চেয়ারম্যান কামরুজ্জামান মহাজন প্রথম আলোকে বলেন, ইসরাত চেয়ারম্যান প্রকল্পগুলো অনুমোদনের জন্য টাকা দাবি করে আসছেন। জাওয়ার ইউপির চেয়ারম্যান আখলাকুল ইসলাম ও ধলা ইউপির চেয়ারম্যান আসাদুজ্জামান বলেন, ‘ওই অনৈতিক দাবি আমরা পূরণ করিনি বলে ইসরাত চেয়ারম্যান কাবিখার প্রকল্পে অনুমোদন দিচ্ছেন না। এ জন্যই আমরা তাঁর পদত্যাগের দাবি করছি।’অভিযোগ অস্বীকার করে উপজেলা চেয়ারম্যান ইসরাত বলেন, ‘আমি সরকারি বিধিমালার বাইরে কাজকর্ম করতে রাজি না হওয়ায় একটি চক্র আমার বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে।’সাতজন চেয়ারম্যান স্বাক্ষরিত ওই সঞ্চারকলিপি পাওয়ার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, ‘স্মারকলিপিটি আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠাব।’