তাড়াইলে খাল বন্ধ করে পুকুর খনন
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ধলা ইউনিয়নে খাল বন্ধ করে দিয়ে এক ব্যক্তি পুকুর খনন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ২ এপ্রিল স্থানীয় বাসিন্দারা তাড়াইল উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।অভিযোগ সূত্রে জানা গেছে, ধলা মৌজার ১ নম্বর খতিয়ানভুক্ত ৮৩৫ দাগে সরকারি একটি হালট (নিচু কাঁচা রাস্তা) রয়েছে। ওই হালট ঘেঁষে সরকারি জায়গায় একটি খাল রয়েছে। এক সপ্তাহ আগে ধলা গ্রামের বাসিন্দা এমরান চৌধুরী ওই খালের গতিপথ বন্ধ করে তাঁর নিজের জমিসহ সরকারি কিছু জমিতে পুকুর খনন করেন।সরেজমিনে দেখা গেছে, পুকুর খননের ফলে খাল দিয়ে পানি চলাচলের গতিপথ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ধলা ও তেউরিয়া গ্রামের বাসিন্দারা অভিযোগ করেন, পুকুর খননের ফলে খালের গতিপথ বন্ধ হয়ে গেছে। এতে করে বৃষ্টির সময় উজান এলাকায় জলাবদ্ধতা দেখা দেবে।স্থানীয় ইউপি সদস্য লুৎফুর রহমান বলেন, তাঁরা খাল বন্ধ করে পুকুর খনন করার বিষয়ে নিষেধ করলেও এমরান কারও কথা শোনেননি। অভিযোগের ব্যাপারে এমরান চৌধুরী বলেন, ‘সরকারি কিছু ভূমি আমার পুকুরে পড়ে গেছে। ভাবছি, এখন কী করা যায়?’ যোগাযোগ করা হলে তাড়াইল উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্বে থাকা তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া জামান বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’