তাড়াইলে চালককে হত্যার ঘটনায় একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের তাড়াইলের সেকান্দরনগর গ্রামের মোটরসাইকেলচালক সাইকুল ইসলামকে গলা কেটে হত্যার ঘটনায় মানিক মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে গতকাল শনিবার সকালে পুলিশ গ্রেপ্তার করেছে। মানিক সদর ইউনিয়নের সাররং গ্রামের মৃত আবদুল মোতালেবের ছেলে।

পুলিশ জানায়, মানিক দুষ্কৃতকারী হিসেবে এলাকায় পরিচিত। তাঁর বিরুদ্ধে মোটরসাইকেল চুরিসহ একাধিক মামলা রয়েছে। গত এক বছরে তিনি একাধিকবার গ্রেপ্তার হয়েছেন। গতকাল সকালে বাড়িতে পুলিশের উপস্থিতি টের পেয়ে মানিক  পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে তিনি পাশের শালিহা গ্রামের একটি বাড়িতে আত্মগোপন করেন। পরে এলাকাবাসী মানিককে আটক করে পুলিশে সোপর্দ করেন। পুলিশ হেফাজতে থাকা অবস্থায় মানিক এ প্রতিনিধির কাছে নিজেকে নির্দোষ দাবি করেন।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বলেন, মানিক মোটরসাইকেল চুরিসহ একাধিক মামলার আসামি। পেশাদার অপরাধী হিসেবে এলাকাবাসী তাঁকে চিনেন। পুলিশ হত্যার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছে। গত বৃহস্পতিবার সাইকুলের লাশ উপজেলার দাউদপুর এলাকায় সেতুর নিচে উদ্ধার করা হয়।