তাড়াইলে জমির আইল কাটা নিয়ে সংঘর্ষে কৃষক খুন
কিশোরগঞ্জের তাড়াইলে গতকাল মঙ্গলবার জমির আইল কেটে দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে এক কৃষক খুন এবং তাঁর ছোট ভাই আহত হয়েছেন।তাড়াইল থানার পুলিশ ও নিহত কৃষকের পারিবারিক সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে সাতটার দিকে কাইট্টাকান্দা খালসংলগ্ন কৃষক হাবুল মিয়ার (৬০) জমিতে তাঁর ছেলে আনারুল (১৮) আইল কেটে জমি প্রস্তুত করছিলেন। এ সময় পাশের জমির মালিক হাবুল মিয়ার চাচাতো ভাই মুনতু মিয়া লোকজন নিয়ে উপস্থিত হলে উভয় পক্ষে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ হয়।হাবুল মিয়ার ছোট ভাই আবুল হোসেন (২৬) এ প্রতিনিধিকে জানান, মুনতু তাঁর সহযোগী আবু, তারা, বাচ্চু ও হিরুকে নিয়ে লাঠিসোঁটাসহ জমিতে এসে আনারুলের সঙ্গে বাগিবতণ্ডা শুরু করেন। এ সময় তাঁর বাবা (হাবুল মিয়া) ঘটনাস্থলে ছুটে এলে তাঁরা তাঁকে লাঠি দিয়ে আঘাত করেন। এতে তিনি পাশের খালে পড়ে যান। তখন হামলাকারীরা তাঁকে কাদা-পানির নিচে চেপে ধরেন। হাবুল মিয়াকে রক্ষা করতে ছোট ভাই হারুন এগিয়ে এলে তাঁকেও পিটিয়ে আহত করেন তাঁরা। পরে আত্মীয়স্বজন হাবুল মিয়াকে উদ্ধার করে তাড়াইল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।কমপ্লেক্সের প্রশাসক মো. আবুল কালাম জানান, কমপ্লেক্সে নিয়ে আসার আগেই হাবুল মিয়া মারা গেছেন। নিহত কৃষক উপজেলার জাওয়ার ইউনিয়নের বোরগাঁও গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে।এ ব্যাপারে তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মালেক প্রথম আলোকে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।