তাড়াইলে জলমহাল নিয়ে খুনের ঘটনায় থানায় মামলা
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দিগদাইড় ইউনিয়নের করাতি গ্রামের বকুল খান খুনের ঘটনায় বৃহস্পতিবার তাঁর বাবা মমরোজ খান বাদী হয়ে ৫৮ জনকে চিহ্নিত ও ২০ জনকে অজ্ঞাত আসামি করে তাড়াইল থানায় মামলা করেছেন। মামলার আসামি করাতি গ্রামের আক্কাছ (৩৫), জহিরুল ইসলাম খোকন (৪০) ও মোহাম্মদ আলীকে (২৩) গ্রেপ্তারের পর গতকাল শুক্রবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।এদিকে খুনের ঘটনার পর নতুন করে ওই গ্রামে দাঙ্গা-হাঙ্গামা ও লুটপাট এড়াতে পুলিশি পাহারা জোরদার করার বিষয়টি এ প্রতিনিধিকে নিশ্চিত করেছেন তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মালেক।পূর্বশত্রুতার জের ধরে ডোবাইল বিলের (জলমহাল) আধিপত্য বিস্তার নিয়ে গত বৃহস্পতিবার সকালে করাতি গ্রামের রফিকুল ইসলাম খান ও সিদ্দিকুর রহমান খান পক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে একই গ্রামের মিজানুর রহমান খান পক্ষের লোকজনের বাড়িঘরে হামলা চালিয়ে মারধর, ঘর-বাড়ি ভাঙচুর ও লুটপাট করে।