তাড়াইলে ডিঙি তৈরির ধুম

কিশোরগঞ্জের তাড়াইলে ডিঙি নৌকা তৈরি ও বেচাকেনার ধুম পড়েছে। উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ১০ হাজার লোক বর্ষার শুরু থেকে এসব কাজে ব্যস্ত সময় পার করছেন। সারা বছর অন্য কাজে ব্যস্ত থাকলেও বর্ষার সময় ছয় মাস ডিঙি নৌকা বিক্রির আয়ে চলে তাঁদের সংসার।
সরেজমিনে তাড়াইলের সদর, সেকান্দরনগর, জামতলা বাজার, কাওয়াখালী, নয়াপাড়া, দামিহা, ধলা, কড়ইতলা, আজবপুর এলাকায় লোকজনকে নৌকা তৈরির কাজ করতে দেখা যায়। কেউ করাত দিয়ে কাঠ কাটায় ব্যস্ত, কেউ হাতুড়ি দিয়ে নৌকায় পেরেক লাগাতে ব্যস্ত, কাউকে আবার তৈরি নৌকা বেচাকেনায় ব্যস্ত পাওয়া যায়।
নৌকা তৈরির কাজে ব্যস্ত কয়েকজন বলেন, তাড়াইলের ডিঙি নৌকার সুনাম বহু আগে থেকে। তাই কিশোরগঞ্জ জেলার হাওরাঞ্চলসহ নেত্রকোনার কেন্দুয়া ও ময়মনসিংহের নান্দাইল উপজেলা থেকে অনেকে তাড়াইলের ডিঙি নৌকা কিনে নিয়ে যান। তাঁরা বলেন, আমকাঠ, রঙিকাঠ ও শিমুলকাঠ দিয়ে এসব নৌকা তৈরি করা যায়। কাঠ ভেদাভেদে এর দাম পড়ে তিন হাজার থেকে সাত হাজার টাকা। আমকাঠের তৈরি নৌকা বেশি বিক্রি হয়। এসব নৌকা বর্ষার সময় হাওরাঞ্চলে মাছ ধরার কাজে ব্যবহৃত হয়।

উপজেলার জামতলা বাজারে নৌকা তৈরির কাজে ব্যস্ত শাহাবুদ্দিন মিয়া (৫৫) বলেন, তিনি ছোটবেলায় ১০ টাকা রোজে নৌকা বানানোর কাজ শুরু করেছিলেন। এখন তিনি নিজেই বিভিন্ন জায়গা থেকে গাছ কিনে তা থেকে কাঠ বের করে নৌকা বানিয়ে বিক্রি করেন। এই আয় দিয়েই বছরের ছয় মাস তাঁর ছয় সদস্যের পরিবারের খরচ চলে। বাকি সময় তিনি অন্যের ঘর তৈরিতে মিস্ত্রি হিসেবে কাজ করেন।
মাইঝপাড়া এলাকার আবদুল হাদি (৬০) বলেন, তিনি অন্যের দোকানে নৌকা তৈরির মিস্ত্রি হিসেবে কাজ করেন। বৈশাখ মাস থেকে আশ্বিন মাস পর্যন্ত তিনি এ কাজ করেন। প্রতিটি ডিঙি নৌকা তৈরির মজুরি হিসেবে তাঁকে ৭০০ টাকা করে দেওয়া হয়। গড়ে প্রতিদিন তিনি দেড়টি নৌকা বানাতে পারেন।
ডিঙি নৌকার ব্যবসায়ী সুনীল চন্দ্র সূত্রধর বলেন, সাধারণত বছরের ছয় মাস নৌকা বেচাকেনা হলেও জ্যৈষ্ঠ-আষাঢ় মাসে বিক্রির ধুম পড়ে যায়। কিন্তু এ বছর আগাম পানি চলে আসায় বৈশাখ মাসের শুরুতেই প্রচুর ডিঙি নৌকা বিক্রি হয়। তবে এখন গাছ ও লোহার দাম বাড়ায় এবং পরিবহন খরচ শেষে আগের মতো লাভ থাকে না।

করিমগঞ্জ উপজেলার নোয়াগাঁও এলাকার জেলে আবদুল কুদ্দুস তাড়াইল থেকে ডিঙি নৌকা কিনতে আসেন। তিনি বলেন, অন্যান্য অঞ্চল থেকে তাড়াইলের তৈরি নৌকার গুণগত মান ভালো। তাই এখানে তিনি নৌকা কিনতে এসেছেন।