তাড়াইলে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫০
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দিগদাইড় গ্রামে গতকাল শুক্রবার দুপুরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।গুরুতর আহত ব্যক্তিরা হলেন: আসিদ মিয়া, তাজু মিয়া, কাজল মিয়া, হাদিছ মিয়া ও আলী হোসেন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় আহত রসুম উদ্দিন, এরশাদ, সুজন, রুকন, হারুন, বিপ্লব, রিপন, রঞ্জু, বাবুল মিয়া, ইসব আলী, সাকিব, আবদুল হামিদ ও শাহ আলমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎ সা নিয়েছেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দিগদাইড় গ্রামের মোমতাজ উদ্দিন আকন্দ ও মো. সাদেক ভেন্ডার পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের হিসেবে গতকাল দেড়টার দিকে মোমতাজ পক্ষের দুই শতাধিক মানুষ বল্লম ও লাঠিসোঁটাসহ দেশে তৈরি অস্ত্রশস্ত্র নিয়ে সাদেকের পক্ষের লোকজনের বাড়িঘর ও দোকানপাটে হামলা চালালে দুই পক্ষের এই সংঘর্ষ হয়। প্রায় ৪০ মিনিট সংঘর্ষ চলার পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাড়াইল থানার উপপরিদর্শক (এসআই) মো. গজনবী প্রথম আলোকে বলেন, সংঘর্ষে জড়িয়ে পড়া লোকজনকে তাৎ ক্ষণিকভাবে বুঝিয়ে শান্ত করা সম্ভব হয়নি। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুটি ফাঁকা গুলি ছোড়া হয়।উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ইউএইচও) মো. আবুল কালাম বলেন, পাঁচজনের মাথা, পেটসহ শরীরের বিভিন্ন অংশে লাঠিসোঁটার আঘাত ও বল্লমের জখম রয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎ সার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।