শ্রমিক ইউনিয়ন ও শ্রমিক লীগ তাড়াইল উপজেলা শাখার সভাপতি আবদুছ ছালামের ওপর হামলার প্রতিবাদে তাড়াইলে গতকাল মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। পূর্বঘোষণা ছাড়াই ধর্মঘট শুরু করার ফলে গতকাল যাত্রীরা চরম বিড়ম্বনার শিকার হয়েছেন।ট্রেড ইউনিয়ন তাড়াইল শাখা সূত্রে জানা গেছে, গত সোমবার শ্রমিকনেতা আবদুছ ছালাম তাঁর নিজের বাসে করে ঢাকায় যাচ্ছিলেন। কিশোরগঞ্জ শহরের বড়পুল এলাকায় পৌঁছানোর পর অপর একটি বাসের চালক ফেরদৌস মিয়া দলবল নিয়ে ওই বাসের গতিরোধ করে হামলা চালান। তাঁরা ছালামকে মারধর করে তাঁর সঙ্গে থাকা এক লাখ ৮৩ হাজার টাকা ছিনিয়ে নেন। পরে আহত ছালামকে কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। ওই হামলার প্রতিবাদে শ্রমিক ইউনিয়ন তাড়াইল শাখা উপজেলায় আজ থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু করেছে।সরেজমিনে গতকাল সকালে তাড়াইল বাসস্ট্যান্ডে গিয়ে দেখা গেছে, সব বাসের টিকিট কাউন্টার বন্ধ। বিপুল সংখ্যক যাত্রী বাসের অপেক্ষায় বসে আছে। ইটনা উপজেলার রাজীগ্রাম থেকে আসা যাত্রী মো. সামছুদ্দিন (৪৯) বলেন, ‘চিটাগাং (চট্টগ্রাম) যাওনের জন্য ইস্টেশনে আইছি, গাড়িগোড়া বন্ধ। ক্যামনে হেই জায়গায় যাইবাম, এই চিন্তায় আছি।’তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল ইসলাম বলেন, ‘আপনার কাছ থেকে ঘটনাটি জানলাম। যেহেতু ঘটনাটি শ্রমিকদের অভ্যন্তরীণ বিষয়, তাই ধর্মঘট করে যাত্রীদের দুর্ভোগে ফেলাটা অনভিপ্রেত। বিষয়টি নিয়ে শ্রমিক সংগঠন ও মালিকপক্ষ বৈঠকে বসে দ্রুত মীমাংসা করবেন, এমনটাই আমি আশা করি।’তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মালেক প্রথম আলোকে বলেন, হামলার ঘটনাটি তিনি শুনেছেন। যেহেতু কিশোরগঞ্জে ঘটনাটি ঘটেছে, তাই ওই জায়গায় মামলা দায়েরের পরামর্শ দিয়ে তিনি তাড়াইলের শ্রমিকনেতাদের ধর্মঘট তুলে নিতে বলেছেন।