তাড়াইলে প্রবাসীর কাছে ১৬ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদরের ডাক বাংলা সড়কের বাসিন্দা প্রবাসী গোলাম কবীর ভূঞার কাছে ১৬ লাখ টাকা চাঁদা দাবি করে এলাকার কয়েকজন সন্ত্রাসী। তাদের দাবি করা চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসী চক্র গত রোববার বিকেলে ওই প্রবাসীর পৈতৃক ভূমিতে নির্মাণাধীন একটি ভবনের প্রথম তলা ভাঙচুর করে ব্যাপক ক্ষতি সাধন করে। এ ব্যাপারে গোলাম কবীর ভূঞা বাদী হয়ে রোববার রাতেই ১৪ জনকে আসামি করে চাঁদাবাজির অভিযোগ এনে তাড়াইল থানায় মামলা করেছেন। মামলা দায়েরের পর পুলিশ গতকাল সোমবার তিনজনকে গ্রেপ্তার করছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, যুক্তরাজ্যপ্রবাসী ব্যারিস্টার গোলাম কবীর ভূঞা ঈদ উপলক্ষে দেশে আসেন। পরে তিনি তাঁর পৈতৃক ভিটা তাড়াইল সদরে নিজ বাড়িতে আসেন। তিনি পুরোনো টিনের ঘরটি ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেন। ভবনটির চারতলা ভিত্তি স্থাপনের পর প্রথম তলার নির্মাণকাজ শুরু করলে রোববার সকালে এলাকার চিহ্নিত ১৪-১৫ জন ও অজ্ঞাতনামা আরও ১০ জন বখাটে সন্ত্রাসী এসে গোলাম কবীরের কাছে ১৬ লাখ টাকা চাঁদা দাবি করে। অন্যথায় তাঁকে ভবন নির্মাণ করতে দেওয়া হবে না বলে হুমকি দেয়। একপর্যায়ে সন্ত্রাসী দলের লোকজন বিকেলে আবারও গোলাম কবীরের লোকজনের কাছে চাঁদার টাকা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। এ সময় তাঁরা চাঁদার টাকা দিতে অস্বীকার করায় সন্ত্রাসীরা তাঁর নির্মাণাধীন ভবনটিতে লাঠি, শাবল ইত্যাদি দিয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এরপর অকথ্য ভাষায় গালিগালাজ করে সন্ত্রাসীরা একটি বৈদ্যুতিক মোটর ছিনিয়ে নিয়ে নির্বিঘ্নে চলে যায়। এ সময় গোলাম কবীর কিশোরগঞ্জ জেলা শহরে অবস্থান করছিলেন। পরে সন্ধ্যায় সন্ত্রাসীরা মুঠোফোনে গোলাম কবীরকে চাঁদার টাকা দেওয়ার কথা বলে। তিনি চাঁদা দিতে অস্বীকার করে থানার পুলিশকে ঘটনাটি জানান।এরপর গোলাম কবীর রাতে তাড়াইল থানায় গিয়ে ১৪ জনের নাম উল্লেখ করে এবং আরও ১০ জন অজ্ঞাতনামা লোককে আসামি করে তাড়াইল থানায় একটি মামলা করেন। মামলা দায়েরের পর পুলিশ সুরুজ মিয়া (৪৬), তাঁর ছোট ভাই সুলতান মিয়া (৪২) ও জিয়াউর রহমানকে (৩০) গ্রেপ্তার করে।গোলাম কবীর বলেন, ‘দেশে আসার পরই ওই সন্ত্রাসী চক্রটি আমার কাছে বিভিন্ন সময় চাঁদা দাবি করে আসছে। ভবন নির্মাণ শুরু করার পর তারা আরও উগ্র হয়ে ১৬ লাখ টাকা চাঁদা দাবি করে। তাদের দাপটে গ্রামের মানুষ নিরাপত্তাহীনতায় আছে।’