তাড়াইলে ভূমি কর্মকর্তার ওপর হামলা
কিশোরগঞ্জের তাড়াইলে গত রোববার রাতে একদল লোক একজন সহকারী ভূমি কর্মকর্তাকে পিটিয়ে আহত করেছে।হামলায় আহত উত্তম কুমার সরকার (৫০) সদর (তাড়াইল-সাচাইল) ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা। তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ঘটনায় তাড়াইল উপজেলা ভূমি কার্যালয়ের নাজির মো. আতাউর রহমান খান তাড়াইল বাজারের বাসিন্দা শংকর ভৌমিক, তাঁর ছেলে লুটাস ভৌমিকসহ চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১২ জনকে আসামি করে ওই রাতেই তাড়াইল থানায় মামলা করেছেন।তাড়াইল সদরের কাপড় ব্যবসায়ী স্মরণ পালের দোকানে এই হামলার ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, রোববার রাত নয়টার দিকে উত্তম কুমার সরকার স্মরণ পালের দোকানে বসে কথা বলছিলেন। এ সময় বাজারের ব্যবসায়ী শংকর ভৌমিক (৫৫) দলবল নিয়ে দোকানে ঢুকে উত্তম সরকারকে লাথি ও কিল-ঘুষি মারতে থাকে। একপর্যায়ে উত্তম জ্ঞান হারিয়ে ফেললে তারা চলে যায়।শংকর ভৌমিক মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমার একখণ্ড ভূমি খারিজ ও খাজনা বাবদ উত্তম কুমার সরকার ছয় মাস আগে আমার কাছ থেকে ২০ হাজার টাকা নেন। কিন্তু কাজ না করে তিনি আমার প্রতিপক্ষের সঙ্গে আঁতাত করে আমার বিরুদ্ধে অবস্থান নেন।’ হামলার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রথমে উত্তম বাবু আমার ওপর হামলা চালায়। পরে আমার লোকজন এসে তাঁকে ঠেলা-ধাক্কা দিয়েছে, এটুকুই।’মামলার বাদী আতাউর রহমান খান বলেন, টাকা-পয়সা লেনদেনের বিষয়টি তাঁর জানা নেই। তবে এ অভিযোগ সাজানো হতে পারে।তাড়াইল থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহাবুবুর রহমান বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।